বিশ্বজিৎ হত্যা মামলার পলাতক আসামি ফরিদপুর থেকে গ্রেফতার

গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর থেকে গ্রেফতার করা হয়েছে বহুল আলোচিত বিশ্বজিৎ দাস হত্যা মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ইমরান হোসেনকে (৩৫)। মঙ্গলবার (১০ আগস্ট) দিবাগত রাত ১০টার দিকে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদারের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

২০১২ সালের ৯ ডিসেম্বর  ঢাকার বাহাদুর শাহ্ পার্কের কাছে বিশ্বজিৎ দাসকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় দায়েরকৃত মামলায় ২০১৩ সালের ১৮ ডিসেম্বর ঢাকার চার নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনাল ২১ আসামির মধ্যে আট জনকে মৃত্যুদণ্ড ও ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। 

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদার বলেন, বিশ্বজিৎ হত্যার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিন পলাতক থাকা আসামি ইমরান হোসেনকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের চর চাঁদপুর গ্রামের একটি রাস্তার ওপর থেকে তাকে গ্রেফতার করি। বুধবার তাকে ফরিদপুর বিজ্ঞ আদালতে সোপর্দ করি। উক্ত মামলার আসামি ইমরান হোসেন উপজেলা বিষ্ণুপুর ইউনিয়নের মীর আব্দুল জলিলের পুত্র।

ইত্তেফাক/জেডএইচডি