পান ক্রেতা সেজে পুলিশের অভিযান, দেশীয় অস্ত্র ও কারিগর আটক

কক্সবাজারের মহেশখালীতে পান ক্রেতা সেজে অভিযান চালিয়ে পাঁচটি দেশীয় অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ এক কারিগরকে আটক করেছে মহেশখালী থানা পুলিশ। আজ বুধবার (১১ আগস্ট) বেলা ১টার দিকে পুলিশের একটি টিম উপজেলার হোয়ানকের জামাল পাড়ায় অভিযান চালায়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালীর হোয়ানকের জামাল পাড়ায় অস্ত্র তৈরির আস্তানায় অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় অস্ত্র কারিগর মাহমুদুল করিম মাদুইয়্যাকে পাহাড়ি আস্তানা থেকে অস্ত্র তৈরি করার সময় আটক করে পুলিশ। এ সময় তার থেকে পাঁচটি দেশীয় অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়। আটক মাহমুদুল করিম মাদুইয়্যা স্থানীয় মৃত দলিলুর রহমানের পুত্র।

মহেশখালী থানার ওসি আব্দুল হাই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ বেলা ১টার সময় অভিযান চালিয়ে পাঁচটি অস্ত্রসহ এক কারিগরকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে|

ইত্তেফাক/জেডএইচডি