ময়মনসিংহ, জামালপুর ও শেরপুরে বজ্রপাতে ৫ জনের মৃত্যু

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় বজ্রপাতে দেলোয়ার হোসেন (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১১ আগস্ট) দুপুরে জেলার উপজেলার নারকেলি গ্রামে তার মৃত্যু হয়েছে। তার বাড়ির পাশে শস্যক্ষেতে কাজ করার সময় এ দুর্ঘটনায় মারা যান তিনি। ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অপর দিকে জেলার ঈশ্বরগঞ্জে বজ্রপাতে রুবেল মিয়া নামের (১৬) এক কিশোরের মৃত্যু হয়েছে। দুপুরে উপজেলার সদর ইউনিয়নের আশ্রফপুর পশ্চিমপাড়া এলাকার ফসলি মাঠে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল মিয়া উপজেলার আশ্রফপুর গ্রামের মো. আছির উদ্দিনের ছেলে। 

জামালপুর প্রতিনিধি জানান, সরিষাবাড়ী উপজেলায় বজ্রপাতে দুলাল মণ্ডল (২৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। জানা যায়, বুধবার (১১আগষ্ট) সকালে উপজেলার সাতপোয়া ইউনিয়নের চররৌহা পশ্চিমপাড়া গ্রামে জমিতে পাট কাটতে গেলে বজ্রপাতের ঘটনা ঘটে। ঐ সময় পরিবারের লোকজন আহত দুলাল মন্ডলকে দ্রুত সরিষাবাড়ী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ বিষয়ে সাতপোয়া ইউপির চেয়ারম্যান আবু তাহের ঘটনাটি নিশ্চিত করেছেন। 

 


ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা জানান, ঝিনাইগাতীতে বজ্রপাতে দুই কিশোরের মৃত্যু হয়েছে। নিহতরা হলো- উপজেলার ইছামারী পাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রাসেল মিয়া (১৫) ও পাইকুড়া গ্রামের হামেদ আলীর ছেলে আরমান (১১)। ঝিনাইগাতী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চাঁন জানান, বালিয়াচণ্ডি গ্রামে নানা বাড়িতে বেড়াতে এসে বজ্রপাতে আরমানের মৃত্যু হয়। মালিঝিকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম তোতা জানান, ট্রাক্টরে জমি চাষ করার সময় বজ্রপাতে রাসেল মিয়ার মৃত্যু হয়। 

ইত্তেফাক/এসআই