ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা
পাবনা প্রেসক্লাবের সম্পাদক সৈকত আফরোজ আসাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে বুধবার ঈশ্বরদীর গণমাধ্যমকর্মীরা মানববন্ধন করেছেন। ঈশ্বরদী প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক স্বপন কুমার কুন্ডু। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল বাতেন। এ সময় মামলা দায়েরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন সাপ্তাহিক চেতনায় ঈশ্বরদীর ভারপ্রাপ্ত সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফান্টু, প্রেসক্লাবের সহসভাপতি কে এম আবুল বাসার প্রমুখ। প্রসঙ্গত, গত ৮ মার্চ জেলার বেড়া উপজেলার নাটিয়াবাড়িতে সাবেক এমপি খন্দকার আজিজুল হক আরজুর ভাতিজা পরিচয় দেওয়া এক ব্যক্তির বাড়িতে অস্ত্রের কারখানার সন্ধান পাওয়ার কথা জানায় পুলিশ। এ নিয়ে সংবাদ প্রকাশ হলে ডিজিটাল নিরাপত্তা আইনে সাবেক এমপি মামলাটি দায়ের করেন।