তালায় খালে বাঁধ দিয়ে মাছ চাষ করায় ফসলের ক্ষতি

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা

তালার বুড়িভদ্রা খালের মুখে বাঁধ দিয়ে মাছের ঘের করায় অতিবৃষ্টিতে প্লাবিত এলাকার পানি নিষ্কাশন না হওয়ায় স্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ফলে রোপা আমন ও বীজতলা পানিতে তলিয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন কৃষকরা। স্থানীয় ইউপি সদস্য মো. আলাউদ্দীন সরদারসহ অনেকেই জানান, সুভাষিনী, হাতবাস ও লাউতাড়া গ্রামের মধ্য দিয়ে প্রবাহিত বুড়িভদ্রা খালটি এখন প্রভাবশালীদের দখলে। সেখানে নেটপাটা ও বাঁধ দিয়ে দখল করে মাছ চাষ চলছে। এখন আর বর্ষার পানি এ খাল দিয়ে নিষ্কাশন হয় না। ফলে পানিতে ডুবে আছে ধান, খেতের পাট ও বীজতলা। নষ্ট হয়ে গেছে শত শত হেক্টর রোপা আমন। তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তারিফ-উল-হাসান বলেন, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।