সিএনজি চালিত অটোরিকশা প্রায় সব শ্রেণি-পেশার মানুষেরই পছন্দ। অল্প সময় ও খরচে দ্রুত গন্তব্যে পৌঁছে যেতে আমরা সিএনজি ব্যবহার করে থাকি। সরকার সিএনজিতে মিটার সংযোজন বাধ্যতামূলক করেছে, যাতে চালকরা যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া আদায় করতে না পারে। তবে দুঃখজনক হলেও সত্যি যে, সিএনজিতে মিটার থাকা সত্ত্বেও চালকরা তার তোয়াক্কাই করছেন না। রাজধানীর শতকরা ৯০ ভাগ সিএনজিই চলছে চুক্তিতে। এখানে চুক্তি বললেও ভুল হবে। কেননা চুক্তি বলতে একটা দ্বিপাক্ষিক সিদ্ধান্তকে বোঝায়। কিন্তু সিএনজি চালকরা যা করছেন তা হলো স্বেচ্ছাচারিতা। কারণ যাত্রীরা মিটারে যাওয়ার কথা বললে তারা সরাসরি না করে দিচ্ছেন। আবার ভাড়া জিজ্ঞেস করলে দাবি করেন বেশি। যাত্রীরা তাঁদের কাছে একরকম জিম্মি। কর্তৃপক্ষের নজরদারি ছাড়া এ সমস্যা থেকে মুক্তি পাওয়া অসম্ভব। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আবেদন থাকবে, বিষয়টি আমলে নিয়ে চালকদের এরূপ অন্যায়ের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নিয়ে যাত্রীদের এ নৈরাজ্য থেকে মুক্তি দেবেন।
তুফান মাজহার খান, ডেমরা, ঢাকা