অভিনয়ের আলো জ্বেলে

 

আনন্দ বিনোদন প্রতিবেদক

 

অন্যান্য অনেকের মতোই করোনায় আক্রান্ত হয়েছিলেন শানু। কয়েকদিন আগে তার করোনা নেগেটিভ এসেছে। অর্থাত্ এখন তিনি সুস্থ আছেন, এমনটাই জানালেন শানু। রাজধানীর লালমাটিয়ায় নিজ বাসাতেই আছেন তিনি। তবে শানু জানান, আর কয়েকটা দিন বিশ্রাম নিয়ে তিনি বাংলাদেশ টেলিভিশনের একটি নতুন ধারাবাহিক ‘পথের ধারাপাত’র কাজ শুরু করবেন শিগগিরই। নাটকটি রচনা করেছেন আজাদ আবুল কালাম, প্রযোজনা করছেন মাহফুজার রহমান রিপন এবং নির্মাণ করছেন মান্নান শফিক। ঈদের আগেই মূলত এই ধারাবাহিকের কাজ শুরু করেছিলেন তিনি। রাজধানীর উত্তরায় একটি নতুন শুটিং হাউজে এই ধারাবাহিকের শুটিং হয়। সেই শুটিং শেষ হওয়ার পরপরই তিনি করোনায় আক্রান্ত হন। নিজ বাসাতেই করোনায় চিকিত্সা নিয়ে হোম কোয়ারেন্টাইনে থেকে তিনি সুস্থ হয়ে উঠেছেন। ‘পথের ধারাপাত’ ধারাবাহিক নাটকে অভিনয় প্রসঙ্গে শানু বলেন, ‘ঈদের আগেই লকডাউনের মধ্যে এই ধারাবাহিকের কাজ শুরু করেছিলাম। তখন স্বাস্থ্যবিধি মেনেই শুটিং হয়েছিল। কিন্তু তারপরও এই ধারাবাহিকে কাজ করার পর থেকেই শরীরটা খারাপ লাগছিল। তারপর করোনা হলো। যাইহোক, এখন সুস্থ আছি। আশা করছি শিগগিরই ধারাবাহিকটির শুটিংয়ে ফিরতে পারব। কারণ নাটকটি শিগগিরই প্রচার হওয়ার কথা রয়েছে।’ শানু অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলো হলো— শাকুর মজিদের ‘বৈরাগী’, ইমদাদুল হক মিলনের ‘পলাশ ফুলের গন্ধ’, হুমায়ূন আহমেদের ‘কবি’, সালাউদ্দিন লাভলুর ‘সাকিন সারিসুরি’, রেজানুর রহমানের ‘আহ:ফুটবল বাহ:ফুটবল’, সাগর জাহানের ‘আরমান ভাই বিরাট টেনশনে’, শিমুল সরকারের ‘চোরকাব্য’, রিপন নবীর ‘আপনঘর’, অরণ্য আনোয়ারের ‘কবিরাজ গোলাপ শাহ’, আনোয়ারের পরিচালনায় ‘কর্তাকাহিনি’ ও ‘বুকে তার চন্দনের ঘ্রাণ’, দেবাশীষ বড়ুয়া দীপের ‘জ্যোতিরাজ টিপু সুলতান’ ও ‘ইলেকশান ইলেকশান’, আপেল মাহমুদের ‘ছবির হাট’, ফয়সাল রাজীবের ‘পর্দার আড়ালে কে’ ও ‘রুপালি ও রুপালি পর্দার গল্প’, অরণ্য আনোয়ারের পরিচালনায় ‘অপেক্ষা সুরঞ্জনার জন্য’ প্রভৃতি। শানারেই দেবী শানু অভিনীত প্রথম সিনেমা খিজির হায়াত খান পরিচালিত ‘মিস্টার বাংলাদেশ’। তবে ভালো গল্প পেলে আগামীতেও সিনেমায় কাজ করার আগ্রহ রয়েছে তার। এদিকে এনটিভিতে এরইমধ্যে শেষ হলো নতুন রিয়েলিটি শো ‘অনন্যা প্রতিভা’র প্রথম আসরের আয়োজন। এই রিয়েলিটি শো’র অডিশন রাউন্ডের বিচারক ছিলেন শানু। প্রথমবারের মতো এতো বড় একটি শো’র বিচারক হিসেবে কাজ করেও বেশ গর্বিত শানু। কারণ তার বিচারকার্যের মধ্যদিয়েই বাংলাদেশ খুঁজে পেলো কিছু  প্রতিভাবান মানুষ। গত বইমেলায় শানুর দুটি উপন্যাস প্রকাশিত হয়েছে। একটি ‘আমার একটা তুই চাই’ ও অন্যটি ‘ইতি মেঘবালক’। শানুর প্রথম উপন্যাস ‘একলা আকাশ’। দ্বিতীয় উপন্যাস  ‘লিপস্টিক’। তার লেখা পাঁচটি কবিতার বই হচ্ছে ‘নীল ফড়িং কাব্য’, ‘অসময়ের চিরকুট’, ‘লাল এপিটাফ’, ‘ত্রিভুজ’ ও ‘প্রিয়তম মেঘ’। ‘লিপস্টিক’ উপন্যাসের জন্য তিনি কলকাতা থেকে সমরেস বসু সাহিত্য পুরস্কার লাভ করেছেন।