আনন্দ বিনোদন প্রতিবেদক
প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়েছেন ‘রাইফেল মফিজ’ খ্যাত অভিনেতা শহিদ আলমগীর ও তার স্ত্রী সুরাইয়া আকতার মিশু। বেশ কিছুদিন ধরেই জ্বরে ভুগছিলেন এই অভিনেতা। এরপর সস্ত্রীক করোনা পরীক্ষা করালে সেই রিপোর্ট পজিটিভ আসে। গতকাল বুধবার অভিনেতা নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন। বর্তমানে বাসায় থেকে চিকিত্সা নিচ্ছেন তারা। এখন আগের চেয়ে অনেকটাই সুস্থ। করোনার এই সময়ে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানিয়েছেন অভিনেতা শহিদ আলমগীর। এদিকে, আজ ১২ আগস্ট এই অভিনেতার জন্মদিন। তবে করোনা আক্রান্ত হয়ে বাসায় আইসোলেশনে থাকায় জন্মদিন উপলক্ষে কোনো আয়োজন থাকছে না বলে তিনি জানিয়েছেন।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা এবং নব্বইয়ে স্বৈরাচারবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তিনি পদাতিক থিয়েটারের সঙ্গে জড়িয়ে পড়েন। অভিনয়ের প্রতি দুর্বলতা তখন থেকে শুরু। থিয়েটার ও নাটক করতে করতে একসময় টিভি নাটকে জড়িয়ে যান। এরপর একাধিক চলচ্চিত্রেও কাজ করেছেন। অভিনয়ের পাশাপাশি তিনি নাট্যপরিচালক হিসেবেও নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।