রে জা উ ল ক রি ম খো ক ন
আজ জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে কিয়ারা আদভানির বহুল আলোচিত ছবি ‘শেরশাহ’। এতে প্রথমবারের মতো তরুণ প্রজন্মের আরেক অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে জুটি বেঁধেছেন কিয়ারা। পাক-ভারত কারগিল যুদ্ধের পটভূমিকায় নির্মিত এ ছবিতে শহীদ ক্যাপ্টেন বিক্রম বাত্রার ভূমিকায় অভিনয় করেছেন সিদ্ধার্থ। বিক্রমের প্রেমিকা ডিম্পল চিমার চরিত্রে রূপদান করেছেন কিয়ারা। বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত ছবিটিতে মনপ্রাণ উজাড় করে অভিনয় করেছেন এই তন্বী অভিনেত্রী। এজন্য ডিম্পল চিমার বাস্তব জীবনের অভিজ্ঞতা ও অনুভূতি জানতে তার কাছে ছুটে গেছেন। সরাসরি সঙ্গে কথা বলে বিক্রম বাত্রার সঙ্গে তার জীবনের মধুরতম মুহূর্তগুলোর নানা বিষয় সম্পর্কে জেনেছেন। যা অভিনীত চরিত্রটি যথার্থভাবে রূপায়ণে বেশ সহায়ক হয়েছে কিয়ারার জন্য। ‘ধোনি :দ্য আনটেল্ড স্টোরি’, ‘কবির সিং’, ‘গিল্টি’ প্রভৃতি ছবির পর এবার বায়োপিক ‘শেরশাহ’-এ কিয়ারা দর্শকদের মনে ভিন্ন আবেশ ছড়িয়ে মুগ্ধ করবেন নতুনভাবে। নিজের কাজের মূল্যায়ণ করে তিনি বলেন, ‘বাস্তবজীবনের একটি চরিত্রে নিজেকে মানিয়ে দর্শকদের কাছে বিশ্বাসযোগ্যভাবে উপস্থাপন করাটা নিঃসন্দেহে একটি বড় চ্যালেঞ্জ ছিল আমার জন্য। আমি কতটা সফল হয়েছি তা বিচার করবেন দর্শক। তবে আমার ধারণা, এবার নতুন এক কিয়ারাকে আবিষ্কার করবেন তারা।’
তিনি বলিউডে আছেন ২০১৪ সাল থেকে। গত ৭ বছরে ক্যারিয়ারে নানাভাবে দর্শক ভক্ত অনুরাগীদের সাজসজ্জা, দামি পোশাক, জুতা, ব্যাগ, অলঙ্কার ইত্যাদির চমকে, আবার কখনো খোলামেলা দুঃসাহসী পোজে ক্যামেরার সামনে দাঁড়িয়ে কখনো-বা বিতর্কিত দৃশ্যে সাহসী অভিনয়ের কারণে। মাঝেমধ্যে প্রায়ই তাকে বেশ খোলামেলা সাহসী পোজে বিখ্যাত গ্ল্যামার ফটোগ্রাফারের ফটোশুটে অংশ নিতে দেখা যায়। অভিনয়ের পাশাপাশি কিয়ারার ফ্যাশন নিয়েও আগ্রহী তার অনুরাগীরা। গত ৩১ জুলাই ২৯-এ পা রেখেছেন এই মোহনীয়া তন্বী অভিনেত্রী।
ইদানিং কিয়ারা আদভানির সময়টা বেশ দুর্দান্ত যাচ্ছে। একদিকে একের পর এক বড় বাজেটের ছবিতে দর্শকদের সামনে যেমন হাজির হচ্ছেন তিনি, তেমনি নতুন বেশ কয়েকটি প্রজেক্টে অভিনয়ের প্রস্তাবও রয়েছে তার ঝুলিতে। বলিউডে প্রথম সারির অভিনেত্রীদের সঙ্গে এরমধ্যেই সমানে সমানে টক্কর দিতে শুরু করেছেন কিয়ারা আদভানি। অভিনয় দক্ষতা, গ্ল্যামারাস আবেদনময় ইমেজ, স্টাইল ইত্যাদি দিয়ে সবার মন জয় করে নিয়েছেন তিনি। সেই রেশ বজায় রেখে প্রখ্যাত প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার নতুন ছবি ‘সত্যনারায়ণ কি কথা’য় অন্যতম প্রধান ভূমিকায় তাকে দেখা যাবে। এ ছবিতে কিয়ারার বিপরীতে অভিনয় করবেন কার্তিক আরায়ান। মুক্তিপ্রতীক্ষিত ‘ভুল ভুলাইয়া টু’ ছবিতে একসঙ্গে প্রথমবার কাজ করার পর আবার নতুন এ ছবিতে দর্শকদের সামনে হাজির হবেন বলিউডের তরুণ বয়সী জনপ্রিয় এই দুই তারকা। ছবিতে কার্তিকের অভিনীত চরিত্রের নাম ‘সত্য’ আর কিয়ারা হাজির হবেন কথা’র ভূমিকায়। জানা গেছে, বেশ বড় বাজেটে তৈরি হচ্ছে ‘সত্যনারায়ণ কি কথা’ ছবিটি, যেখানে চিরন্তন ভালোবাসার গল্প তুলে ধরা হবে। ডিসেম্বর থেকে কিয়ারা নতুন এ ছবির শুটিংয়ে অংশ নেবেন বলে জানা গেছে। এছাড়াও দক্ষিণী চিত্রনির্মাতা শংকরের নতুন ছবিতে অভিনয়ের সুযোগ পাওয়াটা তার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করবে বলেই অনেকের ধারণা। তাকে সর্বশেষ গত বছর ‘ইন্দু কি জাওয়ানি’ ছবিতে প্রধান ভূমিকায় দেখা গেছে। ‘শেরশাহ’ এবং ‘ভুল ভুলাইয়া টু’ ছাড়াও তিনি বর্তমানে ‘যুগ যুগ জিও’ এবং ‘মিস্টার লেলে’ ছবিতে প্রধান নায়িকার ভূমিকায় অভিনয় করছেন। গত বছর তার ‘গিল্টি’ এবং ‘লাক্সমি’ ছবি দুটি মুক্তি পেয়েছে। বলিউডের নামি ফটোগ্রাফার ডাব্বু রত্নানির দুঃসাহসী ফটোশুটে প্রায় নগ্ন হয়ে ক্যামেরার সামনে দাঁড়ানো থেকে শুরু করে নেটফ্লিক্সের ‘লাস্ট স্টোরি’ ছবিতে দাম্পত্য জীবনে অতৃপ্ত এক যুবতী গৃহবধুর মনের একান্ত অনুভূতি খোলামেলাভাবে পর্দায় উপস্থাপন করে একসময়ে ব্যাপক ঝড় তুলেছিলেন কিয়ারা। তবে বাস্তবে খুল্লাম খুল্লা সেক্স বা যৌনতা তার একদম পছন্দ নয়! টপলেস পোজে কিছুদিন আগে এক টিভি শো’য়ে আলাপকালে তিনি জানান, তার জীবনে যৌনতার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ তিনটি জিনিস রয়েছে। সেগুলোর মধ্যে প্রথমত পিত্জা, দ্বিতীয়ত শপিং এবং তৃতীয়ত ভালো সিনেমা। দশম শ্রেণিতে পড়ার সময় প্রথম প্রেমে পড়েছিলেন বলে স্বীকার করেন তিনি। অবশ্য ‘শেরশাহ’ ছবির সহশিল্পী সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে কিয়ারার বেশ মাখামাখি চলছে। তাদের দু’জনের ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে নানা কথা ছড়িয়ে পড়েছে!