আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
আড়াইহাজারে আবেদনের সঙ্গে সঙ্গেই পল্লী বিদ্যুতের সংযোগ পেলেন ৯১ গ্রাহক। বুধবার উপজেলার গোপালদী পল্লী বিদ্যুত্ অফিস বিশনন্দী এলাকায় ‘স্পট মিটারিং’এর আয়োজন করে। এই সময় উপস্থিত ছিলেন গোপালদী পল্লী বিদ্যুতের ডিজিএম মো. আসাদুজ্জামান। অনুষ্ঠানে ৯১ জন গ্রাহক আবেদন করার সঙ্গে সঙ্গেই তাদের বাড়িতে গিয়ে মিটার দিয়ে বিদ্যুত্ সংযোগ দেওয়া হয়। গোপালদী পল্লী বিদ্যুতের ডিজিএম মো. আসাদুজ্জামান জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বিনির্মাণের লক্ষ্যে গ্রামীণ জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর উদ্যোগে ঘরে ঘরে বিদ্যুত্ কর্মসূচির আওতায় গোপালদী জোনাল অফিসের উদ্যোগে বিশনন্দী ইউনিয়নে আলোর ফেরিওয়ালা স্পট মিটারিং কার্যক্রম গ্রহণ করা হয়। এতে আবেদনের সঙ্গে সঙ্গেই ৭৭টি আবাসিক ও ১৪টি বাণিজ্যিক মিটারের সংযোগ দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন জুনিয়র ইঞ্জিনিয়ার সুলতান আলী ও ওয়ারিং পরিদর্শক জাহাঙ্গীর আলম প্রমুখ।