‘মানবাধিকার বিষয়ে অনেক পিছিয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষ’

ইত্তেফাক রিপোর্ট

ক্ষুদ্র নৃগোষ্ঠীর ইতিহাস আমাদের ঐতিহ্যের একটি অংশ। তারা এই দেশের সকল সংগ্রামের সামনের সারির মানুষ। তাদের মানবাধিকারের প্রতি সম্মান দেখানো উচিত। কিন্তু মানবাধিকারের বিষয়ে অনেক পিছিয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ।  

বিশ্ব আদিবাসী দিবস উদ্যাপন উপলক্ষ্যে গতকাল বুধবার ‘বাংলাদেশের আদিবাসীদের মানবাধিকার পরিস্থিতি’ বিষয়ে অনলাইন আলোচনাসভায় বক্তারা এসব কথা বলেন। নেদারল্যান্ডস অ্যাম্বেসি বাংলাদেশের সহায়তায় কাপেং ফাউন্ডেশন এই আলোচনাসভার আয়োজন করে। সংসদ সদস্য ও ‘আদিবাসী’ বিষয়ক সংসদীয় ককাসের সদস্য এরোমা দত্ত বলেন, ‘কাপেং ফাউন্ডেশনের মানবাধিকার রিপোর্টের জন্য সাধুবাদ জানাই। কিছু পরামর্শ জানিয়ে বলেন, আমাদের আরো কৌশলী হতে হবে। এ রিপোর্টটি বিভিন্ন নীতিনির্ধারণী মহলে শেয়ার করতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ে যোগাযোগ বাড়াতে হবে, আলোচনা করতে হবে এবং এভাবে সমাধানে পৌঁছাতে হবে।’

মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, ‘আদিবাসীদের অস্তিত্ব হারিয়ে গেলে কীভাবে বলব যে বাংলাদেশ একটি বৈচিত্র্যপূর্ণ দেশ? প্রত্যেক আদিবাসী দিবসে একই কথা এবং একই প্রতিশ্রুতি রাষ্ট্র দিয়ে থাকে। কিন্তু তাদের মানবাধিকার পরিস্থিতির কোনো উন্নতি হচ্ছে না।’

‘আদিবাসী’ বিষয়ক সংসদীয় ককাসের সমন্বয়কারী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মেসবাহ কামাল বলেন, ‘ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার আদায়ের লড়াইটা একা তাদের লড়াই নয়, এটা আমাদেরও মিলিত লড়াই। এ লড়াইয়ে সবাইকে এগিয়ে আসতে হবে।’

এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হূদা বলেন, ‘ক্ষুদ্র নৃ গোষ্ঠীর ইতিহাস আমাদের ঐতিহ্যের একটি অংশ। তারা এই দেশের সকল সংগ্রামের সামনের সারির মানুষ। তাদেরও মানবাধিকারের প্রতি সম্মান দেখানো উচিত।’