তৃতীয় লিঙ্গের শিশুদের চিকিত্সার আওতায় আনার নির্দেশ

বিএসএমএমইউতে কোভিড ফিল্ড

হাসপাতালে ১৯০ রোগীকে চিকিত্সা

বিশেষ প্রতিনিধি

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব কোভিড ফিল্ড হাসপাতালে এ পর্যন্ত ১৯০ রোগী চিকিত্সাসেবা নিয়েছেন এবং গতকাল বিকাল ৩টা পর্যন্ত ভর্তি হয়েছেন ৯০ রোগী। বর্তমানে ভর্তি আছে ৬১ রোগী। গত ৮ আগস্ট এ ফিল্ড হাসপাতাল চালু করা হয়। এদিকে কেবিন ব্লকে করোনা সেন্টারে গতকাল পর্যন্ত ১২ হাজার ১৩৮ জন রোগী চিকিত্সাসেবা নিয়েছেন। ভর্তি হয়েছেন ৬ হাজার ৩২৪ জন। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৫ হাজার ২৪৮ জন। বর্তমানে করোনা সেন্টারে ভর্তি আছেন ১৮২ জন। আইসিইউতে  ভর্তি আছেন ২০ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৯ জন।

এদিকে জন্ম গ্রহণের পর থেকেই তৃতীয় লিঙ্গের (পরবর্তীতে যারা সমাজে হিজড়া নামে পরিচিতি পায়) শিশুদের চিকিত্সাসেবার আওতায় আনার নির্দেশ দিয়েছেন বিএসএমএমইউয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। যাতে এসব শিশুর চিকিত্সাসেবা প্রদানের মাধ্যমে একটি সুস্থ, সুন্দর ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেওয়া যায়। উপাচার্য এসব শিশুর জন্য বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগে একটি বিশেষ ক্লিনিক চালুরও নির্দেশ দিয়েছেন। গতকাল বিশ্ববিদ্যালয়ের শিশু সার্জারি বিভাগের সঙ্গে অনুষ্ঠিত বিভাগীয় মতবিনিময় সভায় উপাচার্য এই নির্দেশনা দেন। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপাচার্য। এছাড়া অত্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, শিশু সার্জারি বিভাগের  চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে এম জাহিদ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ডক্টরস ডরমেটরিতে মঙ্গলবার ১ হাজার ৯৫০ জনসহ মোট ২৬ হাজার ৭৮০ জন প্রথম ডোজের মডার্নার টিকা নিয়েছেন। গত ১৪ জুলাই পর্যন্ত ফাইজারের ৯ হাজার ৫৬৪ জন  প্রথম ডোজের টিকা নিয়েছেন। বুধবার পর্যন্ত অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার ও মডার্নার মোট ৮৪ হাজার ৩৪৪ জন প্রথম ডোজের টিকা নিয়েছেন। গতকাল পর্যন্ত দ্বিতীয় ডোজের অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়েছেন ৪৮ হাজার ৪১১ জন এবং  ফাইজারের দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৭ হাজার ১৮ জন।