আলজেরিয়ায় দাবানলে মারা গেছে ৬৫ জন

ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে আলজেরিয়ায়। সাধারণ মানুষকে উদ্ধার করতে গিয়ে মৃত্যু হয়েছে ২৮ জন সেনার। সব মিলিয়ে মারা গেছে অন্তত ৬৫ জন। গতকাল দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এ তথ্য জানানো হয়েছে। খবর ডয়চেভেলে ও রয়টার্সের

ইউরোপ ছেড়ে আগুন আফ্রিকাতেও ছড়িয়েছে। উত্তর আফ্রিকার আলজেরিয়া ভয়াবহ আগুনের গ্রাসে। জঙ্গলে ঘেরা পার্বত্য আলজেরিয়ায় পানি নেই। তাপমাত্রা ক্রমাগত বাড়ছে। মঙ্গলবার সেখানেই পৌঁছেছিলেন আলজেরিয়ার সেনা জওয়ানরা। আলজেরিয়ার এ অঞ্চলে উপজাতির বাস। তাদের উদ্ধার করতে গিয়েই আগুনের বলয়ে আটকে পড়েন জওয়ানরা। আগুনে পুড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ২৮ জনের। ১২ জন গুরুতর আহত।

আলজেরিয়ায় তাপমাত্রা হু হু করে বাড়ছে। ৬৯টি দাবানলের সৃষ্টি হয়েছে। গতকাল বুধবার আলজেরিয়ার প্রেসিডেন্ট আবেদল মাডজিদ তেব্বৌন তিন দিনের শোক ঘোষণা করেছেন। মঙ্গলবার রাতে প্রেসিডেন্ট জানান, সেনা অন্তত ১০০ জন সাধারণ মানুষকে রক্ষা করতে পেরেছে। কাবাইল অঞ্চল থেকে তাদের সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। দেশটির একটি টিভি চ্যানেল জানিয়েছে, এখন পর্যন্ত আগুনে মৃত্যু হয়েছে ৬৫ জনের। তবে মঙ্গলবারের ঘটনা এখনো পর্যন্ত সবচেয়ে মর্মান্তিক। আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্স থেকে কাবাইলের দূরত্ব ১০০ কিলোমিটার। পর্বত ঘেরা এ অঞ্চলে যাওয়া কঠিন। পানি অত্যন্ত কম। তারই মধ্যে গ্রামবাসী বালতিতে পানি ভরে আগুন নেভানোর চেষ্টা করছেন। আগুনের ফলে সর্বত্র তাপমাত্রা অনেক বেড়ে গেছে। ইউরোপের বহু অঞ্চলে দাবানল হয়েছে। তুরস্কের আগুন ভয়াবহ জায়গায় পৌঁছেছে। এবার আগুন ছড়াল আফ্রিকাতেও। পরিবেশবিদরা বলছেন, বিশ্ব উষ্ণায়নের কারণেই এমন হচ্ছে। জলবায়ুর পরিবর্তন হচ্ছে। দ্রুত পদক্ষেপ না নিলে আগামীতে আরো ভয়াবহতার মুখোমুখি হতে হবে।