তিন সপ্তাহ সময় দেওয়া হলো ইভ্যালিকে

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালিকে জবাব দেওয়ার জন্য তিন সপ্তাহ সময় বেঁধে দিল বাণিজ্য মন্ত্রণালয়। ইভ্যালির বিরুদ্ধে কেন আইনি ব্যবস্থা নেওয়া হবে না, তার জবাব দিতে ছয় মাস সময় চেয়েছিল প্রতিষ্ঠানটি। গতকাল বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের এক বৈঠকে তিন সপ্তাহ সময় দেওয়ার সিদ্ধান্ত হয়। বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান বাণিজ্য মন্ত্রণালয়ের বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) সেলের মহাপরিচালক মো. হাফিজুর রহমান।

সভা সূত্রে জানা যায়, এই সময়ের বিভাজন করা হয়েছে তিন ভাবে। ক্রেতাদের কাছে ইভ্যালির দায় কত, তা জানাতে হবে সাত দিনের মধ্যে। মার্চেন্টদের কাছে দায় কত, তা জানাতে হবে তিন সপ্তাহের মধ্যে। আর সম্পদ কত আছে, তা জানাতে হবে তিন থেকে পাঁচ দিনের মধ্যে।

সাংবাদিকদের জানানো হয়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কাছে ইভ্যালির বিরুদ্ধে অভিযোগ আছে ৬ হাজার ৭৪৭টি। এর মধ্যে ৪ হাজার ১৪৫টি অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে। নিষ্পত্তির অপেক্ষায় আছে ২ হাজার ৬১২টি অভিযোগ।

উল্লেখ্য, ইভ্যালির বিষয়ে সিদ্ধান্ত নিতে ৯ সদস্যের আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করেছে বাণিজ্য মন্ত্রণালয়। এই কমিটির প্রধান করা হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলের মহাপরিচালক মো. হাফিজুর রহমানকে। এ কমিটির প্রথম বৈঠক বুধবার অনুষ্ঠিত হয়েছে। ইভ্যালির কার্যক্রম নিয়ে গত ১৯ জুলাই কারণ দর্শানোর নোটিশ প্রদান করে বাণিজ্য মন্ত্রণালয়। কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পর ইভ্যালি বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে ছয় মাস সময় চেয়ে আবেদন করেছিল।