পিয়াসা ও জিমি কারাগারে

মাদক মামলায় গ্রেফতার মডেল ফারিয়া মাহাবুব পিয়াসাকে তিন দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত। এর আগে রাজধানীর ভাটারা থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় তিন দিনের রিমান্ড শেষে একই মামলায় পাঁচ দিন রিমান্ডের আবেদন করে আদালতে হাজির করা হয় পিয়াসাকে। আদালত রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। গতকাল বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লাহর আদালত এই আদেশ দেয়।

অপরদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেফতার চিত্রনায়িকা পরীমনির কস্টিউম ডিজাইনার জুনায়েদ জিমির রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার বিকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লাহর আদালত শুনানি শেষে এই আদেশ দেয়। এদিন তিন দিনের রিমান্ড শেষে আসামি জিমিকে আদালতে হাজির করে ফের পাঁচ দিন  রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তের দায়িত্বে থাকা সিআইডি পুলিশ। এ সময় আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্র থেকে এ জামিনের বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে জিমির জামিন ও রিমান্ড নামঞ্জুরের আদেশ দেন আদালত।

উল্লেখ্য, গত ১ আগস্ট ভাটারা থানাধীন বারিধারার একটি বাসা থেকে চার প্যাকেট ইয়াবা, ৯ বোতল বিদেশি মদ ও সিসা তৈরির কাঁচামালসহ মডেল পিয়াসাকে পুলিশ গ্রেফতার করে।