পরীমনি, পিয়াসাসহ আট জনের ব্যাংক হিসাব তলব

চিত্রনায়িকা পরীমনি, প্রযোজক নজরুল ইসলাম রাজ, ফারিয়া মাহবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌ এবং আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীরসহ আট জনের ব্যাংক হিসাব তলব করেছে কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণাধীন কেন্দ্রীয় ব্যাংকের বাংলাদেশ ফাইন্যানশিয়াল ইনটেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

ব্যাংক হিসাব তলব করা অন্য তিন জন হলেন—রোজিনা আক্তার, যার ঠিকানা উল্লেখ করা হয়েছে বরিশালের বানারীপাড়া এবং ঢাকার মোহাম্মদপুরের নেয়ামত উল্লাহর দুই ছেলে মিশু হাসান ও সালেহ চৌধুরী ওরফে কার্লোস।

গতকাল বুধবার বিএফআইইউর সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। ব্যাংকগুলোতে পাঠানো চিঠিতে আগামী তিন কার্যদিবসের মধ্যে তাদের হিসাবের সমস্ত তথ্য পাঠাতে বলা হয়েছে।  চিঠিতে জাতীয় পরিচয় পত্র, জন্ম তারিখ, পিতামাতার নাম ও ঠিকানা উল্লেখ করা হয়েছে।

চিঠিতে পরীমনির পুরো নাম শামসুন নাহার স্মৃতি উল্লেখ করা হয়েছে। ঠিকানা দেওয়া হয়েছে বগিরাতপুর মিরুখালী পিরোজপুরের মঠবাড়িয়া।

জানা গেছে, ব্যাংক হিসাব তলব করা এসব ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ও ডিজিটাল নিরাপত্তা আইনে করা পৃথক সাতটি মামলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আটক রয়েছে। এর আগে ৪ আগস্ট বনানীতে পরীমনির বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরীমনির বাসা থেকে মদ ও মাদক উদ্ধারের কথা জানিয়েছে র?্যাব। একই দিন রাতে প্রযোজক নজরুল ইসলাম রাজকে আটক করা হয়। পরে বনানী থানায় পরীমনি ও নজরুল রাজের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করে র?্যাব।