তালেবানের দখলে নবম প্রাদেশিক রাজধানী

আফগানিস্তানের নবম প্রাদেশিক রাজধানী দখলে নিয়েছে তালেবান। গত শুক্রবার থেকে তারা একের পর এক প্রাদেশিক রাজধানী নিয়ন্ত্রণে নিচ্ছে। মার্কিন গোয়েন্দা সংস্থা জানিয়েছে, আগামী ৯০ দিনের মধ্যে তালেবান আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করতে পারে। এদিকে সেনা সরানো নিয়ে সমালোচনার মুখে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, ‘আমরা কোনো ভুল করিনি। খবর আলজাজিরা ও বিবিসির

রাশিয়া জানিয়েছে, আফগানিস্তানের তাজিকিস্তান ও উজবেকিস্তান সীমান্তের নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু জানিয়েছেন, তালেবান অঙ্গীকার করেছে যে তারা কোনো প্রতিবেশী সীমান্তে হামলা চালাবে না। গতকাল বুধবার তালেবান আফগানিস্তানের আরও একটি প্রাদেশিক রাজধানীর নিয়ন্ত্রণ নেয়। এ নিয়ে গত ছয় দিনে ৯টি প্রাদেশিক রাজধানী দখলে নিল তারা। গতকাল বাদাখশান প্রদেশের রাজধানী ফায়জাবাদ শহরটি দখল করে তালেবান। এই শহরের সীমান্ত রয়েছে পাকিস্তান, চীন ও তাজিকিস্তানের সঙ্গে। দখল করা অন্য শহরগুলোর মধ্যে রয়েছে—ফারাহ, পুল-ই-খুমরি, সার-ই-পুল, শেবেরঘান, আইব্যাক, কুন্দুজ, তালুকান ও যারাঞ্জ। মার্কিন গোয়েন্দা সংস্থার পর্যবেক্ষণে দাবি করা হয়েছে, ৯০ দিনের মধ্যে তালেবান কাবুল দখলে নিতে পারে। তালেবান যোদ্ধারা ৩০ দিনের মধ্যে রাজধানীকে বিচ্ছিন্ন করতে পারে আর ৯০ দিনের মধ্যে নিয়ন্ত্রণ নিতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানিয়েছে, তালেবান যেভাবে এগিয়ে যাচ্ছে, তাতে কাবুল কত দিন আফগান সরকারের নিয়ন্ত্রণে থাকবে তা নিয়ে সন্দেহ আছে।

ভুল করিনি :বাইডেন  

প্রেসিডেন্ট বাইডেন মনে করেন, তার সিদ্ধান্তে কোনো ভুল নেই। আমেরিকা ঠিক সময়েই আফগানিস্তান থেকে সেনা সরিয়ে নিয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউজে বাইডেন জানিয়েছেন, আফগানে তাদেরই লড়তে হবে। আমেরিকা শর্ত মেনে তাদের সাহায্য করবে। আফগানিস্তানকে আমেরিকা জানিয়েছিল যে যুদ্ধাস্ত্র, পোশাক, খাবার, সেনার বেতন ও বিমান হামলায় সাহায্য করবে। সেনা সরিয়ে নেওয়ার পরেও আমেরিকা আফগানিস্তানকে সেই সাহায্য করছে। কিন্তু এর চেয়ে বেশি সাহায্য তাদের পক্ষে করা সম্ভব নয় বলে স্পষ্ট করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।