বাংলাদেশিদের জন্য ওমরাহ কার্যক্রম শুরু

সৌদি আরব সরকারের চিঠির পরিপ্রেক্ষিতে ধর্মবিষয়ক মন্ত্রণালয় বাংলাদেশিদের ওমরাহ হজ কার্যক্রম গতকাল বুধবার থেকে শুরু করেছে। ওমরাহ পালনের ক্ষেত্রে সৌদি সরকার আরোপিত শর্ত পালন সাপেক্ষে ধর্মবিষয়ক মন্ত্রণালয় অনুমোদিত ওমরাহ এজেন্সির মাধ্যমে বাংলাদেশি ওমরাহ হজের যাত্রীরা ওমরাহ পালন করতে পারবেন। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ আনোয়ার হোসাইন এ তথ্য জানিয়েছেন। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ-সংক্রান্ত ওয়েবসাইটে (www.hajj.gov.bd) অনুমোদিত ২৪৭টি ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ করা হয়েছে।

ওমরাহ পালনে ইচ্ছুক সবাইকে বাধ্যতামূলকভাবে করোনা ভাইরাসের দুই ডোজ টিকা নিতে হবে। সেই টিকা হতে হবে ফাইজার, মডার্না, অ্যাস্ট্রাজেনেকা অথবা জনসন অ্যান্ড জনসনের। এসব টিকার দুটি ডোজ গ্রহণ করা ছাড়া সৌদি আরবে প্রবেশ করা যাবে না। এছাড়া তাদের ১৮ বছর বা তদূর্ধ্ব বয়সি হতে হবে।