চট্টগ্রামে একটি দেশীয় এলজি ও এক রাউন্ড গুলিসহ তিন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার নগরীর কোতোয়ালি থানার বকশিরহাট এবং হালিশহর থানার মুহুরীপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। এরা হলেন— মো. কায়েস, নজরুল ইসলাম আনু ও সাজ্জাদ হোসেন সজীব। গতকাল বুধবার কোতোয়ালি থানার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নেজাম উদ্দিন জানান, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে এক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে একটি প্রাইভেট কারে আগ্রাবাদ থেকে বকশিরহাটের দিকে আসছে। কারটি সেখানে আসার পর কোতোয়ালি থানা পুলিশের একটি দল গাড়ির যাত্রী মো. কায়েসকে জিজ্ঞাসাবাদ করে। তার কথাবার্তা অসংলগ্ন মনে হওয়ায় শরীর তল্লাশি করে একটি দেশীয় এলজি ও এক রাউন্ড গুলি পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে সে জানায়, উক্ত অস্ত্র নজরুল ইসলাম আনু ও সাজ্জাদ হোসেন সজীব নামে দুই জনের কাছ থেকে সে কিনেছে। তার দেওয়া তথ্যমতে নগরীর হালিশহর থানাধীন মুহুরীপাড়া উত্তরা আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে নজরুল ইসলাম আনু ও সাজ্জাদ হোসেন সজীবকে গ্রেফতার করা হয়। পরবর্তী সময়ে তারা পুলিশকে জানায়, ঐ অস্ত্রটি ওবায়দুল হাসান আলভি নামে এক ব্যক্তির কাছ থেকে কিনে কায়েসের কাছে বিক্রি করেছে। তারা বিভিন্ন উত্স থেকে বিভিন্ন ধরনের অস্ত্র কিনে সেগুলো চোর, ডাকাত, ছিনতাইকারীসহ অপরাধী চক্রের কাছে বিক্রি করে বলেও পুলিশের কাছে স্বীকার করে। পরবর্তী সময়ে আলভিকে ধরার জন্য পুলিশ তার বাসায় গেলেও সংবাদ পেয়ে সে পালিয়ে যায়।