বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি এখন আর বার্সেলোনার অংশ নয়। ইতিমধ্যে বিশ্বের অধিকাংশ মানুষই তা জেনে গেছেন। তার নতুন ঠিকানা পিএসজি (প্যারিস সেইন্ট জার্মেইন)। মঙ্গলবার (১০ আগস্ট) ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে আনুষ্ঠানিকভাবে তার চুক্তি সম্পন্ন হয়েছে। তবে এতকিছু হয়ে যাওয়ার পরও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অফিসিয়াল অ্যাকাউন্টগুলোতে তিনি এতদিন চুপ ছিলেন। অবশেষে পরিবারসহ পিএসজির জার্সি গায়ে স্ট্যাটাস দিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।
সেখানে লিওনেল মেসি বলেন, ‘আমি আমার জীবনের নতুন একটি অধ্যায় শুরু করেছি। প্রতিদিন শেখার প্রেরণা এবং ইচ্ছা নিয়েই আমি এটা করছি। পিএসজির লক্ষ্য অর্জনের জন্য আমরা কাজ করবো।’
এদিকে, নতুন ক্লাবের হয়ে ৩০ নম্বর জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামবেন আর্জেন্টিনার অধিনায়ক। তবে এই চুক্তির মেয়াদ দু’বছর হলেও, মেসি ও ক্লাব কর্তারা চাইলে এই সম্পর্কের মেয়াদ বাড়তে পারে। ক্লাবের তরফে এমনটাই জানানো হয়েছে।
প্যারিসের স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার দুপুরেই তিনি ক্লাবে পা রাখেন। এর পর চলে ছবি তোলার পালা। ক্লাবের টুইটার হ্যান্ডলে সেই ছবি শেয়ারও করা হয়েছে। বছরে ৩৫ মিলিয়ন ইউরোতে পিএসজিতে যোগ দিয়েছেন মেসি। নেইমারকেও বছরে ৩৫ মিলিয়ন পারিশ্রমিক দেয় পিএসজি।
ইত্তেফাক/টিএ