ভারতের হিমাচল প্রদেশে ভূমিধসে নিহত ১১

ভারতের হিমাচল প্রদেশের কিন্নরে ভূমিধসে কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। এছাড়া এখনো প্রায় ৩০ জন নিখোঁজ। এনডিটিভির খবরে বলা হয়েছে, পাহাড় থেকে পড়া মাটি ও পাথরে একটি বাস চাপা পড়ে। ঐ বাসে ৪০ জনের মতো যাত্রী ছিলেন। নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে।

কিন্নরের ডেপুটি কমিশনার আবিদ হুসেন সাদিক জানান, বাসটি কিন্নরের রেকং পেও থেকে শিমলার দিকে যাচ্ছিল। সেই সময় রেকং পেও-শিমলা হাইওয়ে নুগুলসারির কাছে ধস নামে। ইতিমধ্যে উদ্ধারকাজে পাঠানো হয়েছে ইন্দো-টিবেটিয়ান বর্ডার পুলিশকে (আইটিবিপি)। উদ্ধারের জন্য এসেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দল (এনডিআরএফ) এবং স্থানীয় দল। এ ঘটনায় হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুরের সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।