নাইজারের পশ্চিমাঞ্চলে চলতি বছর জিহাদিদের বিভিন্ন হামলায় ৪২০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং হাজার হাজার লোক তাদের ঘরবাড়ি ছেড়ে চলে গেছেন। বুধবার হিউম্যান রাইট ওয়াচ (এইচআরডব্লিউ) এ তথ্য জানিয়েছে।
বার্তা সংস্থা এএফপি’র বরাতে জানা যায়, এ পর্যবেক্ষণ সংস্থার সদস্যদের নাইজার সফরের পর প্রাণহানির এ সংখ্যা প্রকাশ করা হলো। দেশটিতে ১১ দিনের সফর চলাকালে তারা সহিংসতার প্রত্যক্ষদর্শী, ধর্মীয় নেতা, স্থানীয় কর্তৃপক্ষ, বিদেশি কূটনীতিক ও নাইজেরীয় সক্রিয় কর্মীদের সাথে কথা বলে জিহাদি সহিংসতায় প্রাণহানির এমন তথ্য পান।
এইচআরডব্লিউ’র বিবৃতিতে বলা হয়, দেশটিতে ‘তারা হত্যাযজ্ঞ, লুটতরাজ ও আগুন সন্ত্রাস চালায়।’ এ মানবাধিকার সংস্থা আরো জানায়, ওই জিহাদি গ্রুপ নাইজারের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও চার্চ ধ্বংস এবং ইসলাম ধর্ম বিষয়ে তাদের কঠোর ব্যাখ্যার ওপর ভিত্তি করে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করে।
এইচআরডব্লিই চলতি বছরের জানুয়ারি ও জুলাইয়ের মাঝামাঝি সময়ে দেশটির পশ্চিমাঞ্চলীয় তিলাবারি ও তাহোয়া অঞ্চলের বিভিন্ন শহর ও গ্রামে নয়বার ব্যাপক হামলা চালানোর তথ্য পেয়েছে।
ইত্তেফাক/এএইচপি