শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে সখিনা বেগম (৩৮) নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃত সখিনা নারায়নপুর ইউনিয়নের বাসুদেপুর গ্রামের ইউসুপ সিকদারের স্ত্রী।
বৃহস্পতিবার (১২ আগস্ট) বিকেলে ৩টার দিকে উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ের দক্ষিণ পাশের ছাদের উপড় থেকে পড়ে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকাল সাড়ে ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। সখিনা ইউনিয়ন নারী শ্রমিক দলের উপজেলা প্রকৌশলী অফিসের আন্ডারে, প্রায় সকল অফিসেই কাজ করতো।
উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ জানান, সখিনা ইউনিয়ন নারী শ্রমিক দলের উপজেলা প্রকৌশলী অফিসের আন্ডারে, প্রায় সকল অফিসেই কাজ করতো। তবে তাকে ছাদ থেকে পড়তে স্বচক্ষে কেউ দেখেনি। ঘটনাটি নিয়ে আমরা শোক ও মর্মাহত।
এ বিষয় উপজেলা চেয়ারম্যান হুমায়ুন কবির মোল্যা বলেন, এই মুহুর্তে আমি ঢাকা অবস্থান করছি, বিষটি নির্বাহী অফিসার আমাকে জানান। সখিনা আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে পরিচ্ছন্নতার কাজ করতো। ঘটনাটি কিভাবে ঘটলো কেউ দেখেনি শুনলাম। এ ঘটনায় উপজেলা পরিষদ কর্মকর্তা কর্মচারী সহ আমরা শোক সমবেদনায় কাতর।
ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম রশিদুল বারী বলেন, উপজেলা পরিষদের তিনতলা ছাদ থেকে মেয়েটি পড়ে গেছে। হাসপাতালে আনার পর সে মারা যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এসজেড