যুক্তরাষ্ট্রে এক মাসে যে কারণে ফের করোনা বেড়েছে

যুক্তরাষ্ট্রের ৯৮ শতাংশের বেশি বাসিন্দা এখন এমন এলাকায় বসবাস করেন, যেখানে কোভিড-১৯-এর কমিউনিটি ট্রান্সমিশন বা গণসংক্রমণের ঝুঁকির মাত্রা ‘উচ্চ’ বা ‘উল্লেখযোগ্য’। এক মাস আগেও এই হার ছিল ১৯ শতাংশ।

সিএনএনয়ের এক প্রতিবেদন বলছে, হঠাত্ সংক্রমণের মাত্রা এতখানি বেড়ে যাওয়ার মূল কারণ করোনা ভাইরাসের ডেলটা ধরন এবং অনেক এলাকায় টিকাদানের নিম্নহার। ৫ জুলাই থেকে ৯ আগস্ট পর্যন্ত পাঁচ সপ্তাহে কমিউনিটি সংক্রমণের ঝুঁকিতে থাকা এলাকা কীভাবে দ্রুত বেড়ে গেছে, তা কয়েকটি মানচিত্র পাশাপাশি তুলনা করে দেখানো হয়েছে প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) দুটি সূচকের ভিত্তিতে কমিউনিটিতে সংক্রমণ পরিমাপ করছে- প্রতি ১ লাখ লোকের মধ্যে সংক্রমিতের সংখ্যা এবং পরীক্ষায় পজিটিভ হওয়ার হার। দুই সূচকই পরিমাপ করা হচ্ছে সাত দিনের গড়ের ভিত্তিতে। যেখানে প্রতি ১ লাখ বাসিন্দার মধ্যে ১০ জনের কম সংক্রমিত হচ্ছে এবং পরীক্ষায় কোভিড শনাক্তের হার ৫ শতাংশের কম, সেসব জায়গাকে সংক্রমণের কম ঝুঁকিতে থাকা এলাকা হিসেবে বিবেচনা করা হচ্ছে। আর সেসব জায়গাকে ‘উচ্চ’ ঝুঁকির এলাকা বলা হচ্ছে, যেখানে প্রতি ১ লাখের মধ্যে ১০০ জন সংক্রমিত হচ্ছে এবং কোভিড পরীক্ষায় শনাক্তের হার ১০ শতাংশ বা তার বেশি আসছে।