দৌলতখানের মেঘনায় বেপরোয়া জলদস্যু

ভোলার দৌলতখানের মেঘনায় বেপরোয়া হয়ে উঠেছে জলদস্যুরা। প্রতিদিনই দস্যুতার শিকার হচ্ছে কোনো না  কোনো নৌকা-ট্রলার। এতে জাল, নৌকা ও সরঞ্জামাদি হারিয়ে অসহায় মানবেতর জীবন কাটাচ্ছেন জেলেরা। এমনিতেই ভরা মৌসুমেও মেঘনায় নদীতে ইলিশের দেখা নেই। তবু কাঙ্ক্ষিত ইলিশের আশায় নদীতে নামলেই জলদস্যুদের কবলে পড়ে সর্বস্ব হারিয়ে ঘাটে ফিরতে হয়—এ যেন মরার উপর খাঁড়ার ঘা। গত এক মাসে মেঘনা নদীতে অন্তত অর্ধ শত মাছধরা নৌকায় ডাকাতি হয়েছে। জলদস্যুরা এসব নৌকার জেলেদের জিম্মি করে মুক্তিপণ আদায় করে নিচ্ছে। নৌকার মালিকরা জলদস্যুদের দেওয়া বিকাশ নাম্বারে টাকা দিলেই মুক্তি পান জিম্মি হওয়া জেলেরা। দস্যুতার শিকার হয়েও প্রাণভয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে ভয় পান তাঁরা। এ ব্যাপারে প্রশাসনের নজরদারি কাম্য।  

রোমানুল ইসলাম সোহেব

দৌলতখান, ভোলা