বরিশালে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ঘরের মেরামত কার্যক্রম পরিদর্শন

বরিশালের আশ্রয়ণ প্রকল্প-২-এর আওতায় যেসব উপকারভোগী গৃহ পেয়েছেন তাদের যে কোনো সমস্যায় পাশে থাকার কথা জানিয়েছেন বরিশাল জেলা প্রশাসক। গতকাল বৃহস্পতিবার বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ক্ষতিগ্রস্ত ঘরগুলো মেরামত কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় সেখানকার তিনটি ক্লাস্টারের ৪০টি ঘরের উপকারভোগীদের নানান সমস্যার কথা শুনে তা সমাধানের উদ্যোগ গ্রহণ করেন। এ সময় জেলা প্রশাসক জানান, ‘আশ্রয়ণের অধিকার—শেখ হাসিনার উপহার’ হিসেবে গৃহহীন মানুষ ঘর পেয়েছে। এসব ঘরের উপকারভোগীদের সময়োপযোগী সব ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হবে। প্রত্যেককে নতুন নতুন কর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী করতে নানা কার্যক্রম শুরু করা হয়েছে। পরিদর্শনকালে জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) গৌতম বাড়ৈ, মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন মাসুদ, হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ, এনডিসি মো. নাজমুল হুদা, শ্রীপুর ইউপির চেয়ারম্যান হারুন অর রশিদসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।