নাটোর সদর খাদ্য গোডাউনে পৌনে ১৮ হাজার কেজি নষ্ট চাল জব্দ করেছে জেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে শহরের বড়গাছা এলাকার সরকারি খাদ্য গোডাউনে এই ঘটনাটি ঘটে। পরে জব্দকৃত চালগুলোর বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য জেলা খাদ্য কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে প্রশাসন। নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা খাতুন জানান, জাতীয় গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে জানতে পারেন সদর উপজেলা সরকারি খাদ্য গোডাউনে একটি ট্রাকে করে খাবার অনুপযোগী নষ্ট চাল গোডাউনে সরবরাহ করা হচ্ছে। ঘটনাস্থলে গিয়ে একটি ট্রাক থেকে ৫৯১ বস্তার প্রতি বস্তায় ৩০ কেজি করে মোট ১৭ হাজার ৭৩০ কেজি নষ্ট চাল পাওয়া যায়। পরে জেলা খাদ্য গোডাউন ইনচার্জ মফিজ উদ্দিনকে চালগুলোর বিষয়ে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। খাদ্য গোডাউন ইনচার্জ মফিজ উদ্দিন জানান, ব্যবসায়ী বেলায়েত হোসেন চুক্তিবদ্ধ তিন মিলার আব্দুল মান্নান, তৈয়ব আলী ও আব্দুর রহমানের নামে চালগুলো গোডাউনে সরবরাহের জন্য নিয়ে আসেন।