এসএমই উদ্যোক্তাদের তথ্যপ্রযুক্তি ব্যবহার করতে হবে

চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় এসএমই খাতের উদ্যোক্তাদের জ্ঞানভিত্তিক জনশক্তি গড়ে তোলার পরামর্শ দিয়েছেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান। সেই সঙ্গে ক্ষুদ্র ও মাঝারিশিল্পে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আইসিটির ব্যবহার বাড়াতে হবে বলেও উল্লেখ করেন তিনি। গতকাল বৃহস্পতিবার এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ‘৪র্থ শিল্পবিপ্লবের সম্ভাবনা ও চ্যালেঞ্জ :এসএমই প্রেক্ষিত’ শীর্ষক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমানের সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক ফারজানা খান। ওয়েবিনারে মূল উপস্থাপনা পেশ করেন ফাউন্ডেশনের উপব্যবস্থাপক তানভির ফয়সাল। ড. মো. মফিজুর রহমান বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের সুযোগ কাজে লাগাতে আইসিটি ব্যবহারের বিকল্প নেই। তাই এই বিষয়ে এসএমই উদ্যোক্তাদের সচেতন করতেই এই ওয়েবিনারের আয়োজন করেছেন এসএমই ফাউন্ডেশন। ওয়েবিনারে বক্তারা বলেন, চতুর্থ শিল্পবিপ্লব বুদ্ধিবৃত্তিক হওয়ায় ব্যবসায়-বাণিজ্য করার সুযোগ কোনো নির্দিষ্ট ভৌগোলিক স্থানে আবদ্ধ থাকবে না। বরং এটি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। পণ্য ও সেবা উত্পাদনের টুলস ব্যবহার করে কাঁচামাল, মানব সম্পদ, সময় ইত্যাদির সর্বোত্তম ব্যবহার করে উত্পাদনশীলতা বাড়াতে হবে। অনগ্রসর, প্রান্তিক, বিশেষভাবে সক্ষম ও নারীদের ইন্টারনেটসহ বিভিন্ন টেকনোলজিতে দক্ষ করে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে হবে।