পুঁজিবাজার থেকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে অর্থ উত্তোলনের অনুমোদন পেয়েছে নতুন প্রজন্মের সাধারণ বিমা কোম্পানি সেনাকল্যাণ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেড। গত বুধবার অনুষ্ঠিত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৮৬তম কমিশন সভায় এই অনুমোদন দেওয়া হয়। কমিশন সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, সেনাকল্যাণ ইনসিওরেন্স আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে ১৬ কোটি টাকা উত্তোলন করবে। এ জন্য ১০ টাকা করে কোম্পানিটি ১ কোটি ৬০ লাখ সাধারণ শেয়ার ইস্যু করবে। আইপিওর মাধ্যমে উত্তোলন করা অর্থ দিয়ে কোম্পানিটি সরকারি সিকিউরিটিজ ক্রয়, পুঁজিবাজারে তালিকাভুক্ত সিকিউরিটিজে বিনিয়োগ, নিজস্ব অফিস স্পেস ক্রয়, তফশিলি ব্যাংকে স্থায়ী আমানত এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে। কোম্পানিটির ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী পুনঃমূল্যায়ন ছাড়া শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ২১ টাকা ৯ পয়সা এবং শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩ টাকা ৯৩ পয়সা। আর বিগত পাঁচ বছরের ভারিত গড় হারে মুনাফা হয়েছে ২ টাকা ৬৫ পয়সা। কোম্পানিটিকে পুঁজিবাজারে আনতে ইস্যু ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছে এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।