প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বৃহস্পতিবার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২০৯টির বা ৫৫ দশমিক ৫৯ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। লেনদেন শুরুর দ্বিতীয় কার্যদিবসেও সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, প্রথম কার্যদিবস সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর ছিল ১১ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১২ দশমিক ১০ টাকায়। অর্থাত্ গতকাল কোম্পানিটির শেয়ার দর ১ দশমিক ১০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সিভিও পেট্রোকেমিক্যালের ৯ দশমিক ৯৭ শতাংশ, রিং শাইনের ৯ দশমিক ৬১ শতাংশ, শাইনপুকুর সিরামিকের ৯ দশমিক ১১ শতাংশ, নুরানী ডাইংয়ের ৯ দশমিক ০৯ শতাংশ, আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের ৮ দশমিক ৯৬ শতাংশ, আইপিডিসির ৮ দশমিক ৭৫ শতাংশ, উত্তরা ফাইন্যান্সের ৮ দশমিক ৬২ শতাংশ, লংকাবাংলা ফাইন্যান্সের ৮ দশমিক ৬২ শতাংশ এবং এবি ব্যাংকের শেয়ার দর ৭ দশমিক ৫৩ শতাংশ বেড়েছে।