এমন না যে, জেমস অ্যান্ডারসন ও ওলি রবিনসন বাজে বোলিং করেছেন। লাইন-লেংথ ধরে রাখা এই বোলিংয়ের সামনে টিকে থাকা যে কোনো ব্যাটসম্যানের জন্যই কঠিন। কঠিন কাজটাই খুব ভালোভাবে করে যাচ্ছেন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও লোকেশ রাহুল। ফলে লর্ডসে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ভারতও পেয়েছে দুর্দান্ত শুরু।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় সেশনে কোনো উইকেট না হারিয়ে ১১৩ রানে তুলেছিল তারা। রোহিত ৮২ রানে ও রাহুল ২১ রানে অপরাজিত আছেন।
বৃষ্টি কারণে ম্যাচ শুরু হতে দেরি হয় খানিকটা। টস জিতে ইংল্যান্ড অধিনায়ক আগে বোলিং নেওয়ায় , অ্যান্ডারসনের আরো একটি নান্দনিক বোলিং প্রদর্শনীর অপেক্ষায় ছিলেন ইংলিশ দর্শকরা। কিন্তু টেস্টের সবচেয়ে সফল পেসারকে ভালোই সামলেছেন রোহিত-রাহুল। প্রথম ঘণ্টা পেরোনোর পর গতি বাড়তে থাকে রোহিতের রানের চাকার। ক্যারিয়ারের ১৩তম ফিফটি তুলে নিয়ে বড় ইনিংসের পথে এগোচ্ছেন তিনি। অপরদিকে রাহুল খেলছেন কিছুটা রয়েসয়ে।
এদিকে, প্রথম টেস্ট থেকে ভারত একটি ও ইংল্যান্ড তিনটি পরিবর্তন নিয়ে খেলছে এই ম্যাচে।