আজ শুরু লা লিগা ও প্রিমিয়ার লিগ

বিরতি শেষে এবার মাঠে ফেরার পালা। অবশ্য ফ্রান্সের লিগ ওয়ান শুরু হয়েছে এক সপ্তাহ আগেই। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের কথা উঠলে সবার আগেই উঠে আসে ইংলিশ প্রিমিয়ার লিগ ও স্প্যানিশ লা লিগার নাম। আজ থেকেই পর্দা উঠছে লিগ দুটির নতুন মৌসুমের। শুরুর দিন আর্সেনালকে আতিথ্য দেবে প্রথমবারের মতো প্রিমিয়ার লিগে ওঠা ব্রেন্টফোর্ড। অন্যদিকে লা লিগায় হেতাফের বিপক্ষে খেলবে ভ্যালেন্সিয়া।

চলতি ট্রান্সফার মৌসুমে বড় দুই তারকাকে হারিয়ে জৌলুসে ভাটা পড়েছে লা লিগার। রিয়াল মাদ্রিদ ছেড়ে সের্হিয়ো রামোস ও বার্সেলোনা ছেড়ে চলে গেছেন লিওনেল মেসি। ক্যারিয়ার বেশির ভাগ সময়ই একে অপরের শত্রু হয়ে থাকা দুজনেই এখন  প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি) চলবেন কাঁধে কাঁধ মিলিয়ে। শিরোপার লড়াইযে শুধু বার্সা রিয়ালের মধ্যে থাকবে না সেটা আগের মৌসুমেই প্রমাণ করেছে বর্তমান চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদ। শিরোপা অক্ষুণ্ন রাখতে কোনো ছাড় দেবে না দিয়েগো সিমিওনের শিষ্যরা। প্রিমিয়ার লিগে শেষ চারবারের তিনটি শিরোপাই গিয়েছে ম্যানচেস্টার সিটির ঘরে। গতবার বাজের শুরুর পরও শিরোপা হাতে নিয়ে মৌসুম শেষ করে তারা। জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে এবারো বদ্ধপরিকর কোচ পেপ গার্দিওলা। অ্যাস্টন ভিলা থেকে ১০০ মিলিয়ন ইউরোর বিনিময়ে উড়িয়ে আনা মিডফিল্ডার জ্যাক গ্রিলিশ তার নতুন অস্ত্র। গুঞ্জন আছে টটেনহাম ছেড়ে হ্যারি কেইনও যোগ দেবেন স্প্যানিশ এই কোচের পাঠশালায়।

সিটিকে টেক্কা দেওয়ার জন্য প্রস্তুত প্রিমিয়ার লিগের বাকি শীর্ষ দলগুলাও। টমাস টুখেল কোচ হওয়ার পর থেকে তো রীতিমতো উড়ছে চেলসি।  গত মৌসুমে কোনোমতে চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত করা ইউর্গেন ক্লপের লিভারপুলকেও বাইরে রাখা যাচ্ছে না। ওদিকে নয় বছর পর লিগ জেতার স্বপ্ন এবার জোরেসরেই দেখছে ম্যানচেস্টার ইউনাইটেড। জেডন সাঞ্চোর ট্রান্সফারের পর রক্ষণের ভার সামলাতে রিয়াল থেকে রাফায়েল ভারানকে নিয়ে এসেছে রেড ডেভিলরা।