সাংবাদিক গোলাম সারওয়ারের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ

ইত্তেফাকের সাবেক বার্তা সম্পাদক গোলাম সারওয়ারের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। ২০১৮ সালের ১৩ আগস্ট ৭৫ বছর বয়সে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তার পরিবার ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। গোলাম সারওয়ার ২০১৪ সালে সাংবাদিকতায় একুশে পদকে ভূষিত হন।

তার জন্ম ১৯৪৩ সালের ১ এপ্রিল বরিশালের বানারীপাড়ায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবস্থায় ১৯৬২ সালে চট্টগ্রামের দৈনিক আজাদীর বিশ্ববিদ্যালয় সংবাদদাতা হিসেবে তার সাংবাদিকতা পেশার সূচনা। একই বছর দৈনিক সংবাদের সহ-সম্পাদক হিসেবে যুক্ত হন তিনি। ১৯৭২ সালে দৈনিক ইত্তেফাকে সিনিয়র সহ-সম্পাদক হিসেবে যুক্ত হন। ১৯৯৯ সাল পর্যন্ত এ পত্রিকায় যথাক্রমে প্রধান সহ-সম্পাদক, যুগ্ম বার্তা সম্পাদক ও বার্তা সম্পাদকের দায়িত্ব পালন করেন। সাপ্তাহিক পূর্বাণীর নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি দেশের দুটি সংবাদপত্র দৈনিক ‘যুগান্তর’ ও ‘সমকাল’-এর প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। আমৃত্যু তিনি দৈনিক সমকালের সম্পাদক ছিলেন। একই সময়ে বাংলাদেশের দৈনিক সংবাদপত্রগুলোর সম্পাদকদের সংগঠন বাংলাদেশ সম্পাদক পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি এবং বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।  তার রচিত গ্রন্থের মধ্যে ছড়াগ্রন্থ ‘রঙিন বেলুন’, ‘সম্পাদকের জবানবন্দি’, ‘অমিয় গরল’, ‘আমার যত কথা’ এবং ‘স্বপ্ন বেঁচে থাক’ ইত্যাদি উল্লেখযোগ্য।

আজ বিকাল ৪টায় মিরপুর শহিদ বুদ্ধিজীবী গোরস্থানে তার কবরে সমকাল পরিবার শ্রদ্ধা নিবেদন করবে। গোলাম সারওয়ারের পরিবার তার স্মরণে জন্মস্থান বরিশালের বানারীপাড়ায় এতিমদের মধ্যে তবারক বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।