রোহিঙ্গা ও স্থানীয়দের জন্য টিকা পাঠাবে কানাডা

বাংলাদেশের কক্সবাজার ও টেকনাফে আশ্রয় নেওয়া রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য টিকা পাঠাতে বাংলাদেশের অনুরোধ বিবেচনা করার আশ্বাস দিয়েছে কানাডা। মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং কানাডার আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী কারিনা গোল্ডের মধ্যে এক ভার্চুয়াল বৈঠকের সময় এই আশ্বাস দেওয়া হয়।

পররাষ্ট্রমন্ত্রী কোভ্যাক্স হিউম্যানিটারিয়ান বাফারের সহ-সভাপতি কারিনা গোল্ডকে কোভ্যাক্স এবং দ্বিপাক্ষিক চুক্তির ভিত্তিতে বাংলাদেশে রোহিঙ্গা ও স্থানীয় বাসিন্দাদের জন্য টিকা সরবরাহের বিষয়টি বিবেচনা করার আহ্বান জানান। এ সময় বাস্তুচ্যুত রোহিঙ্গা এবং স্থানীয় বাসিন্দাদের জন্য টিকা সরবরাহে বাংলাদেশের অনুরোধকে যথাযথভাবে              বিবেচনা করবে বলে আশ্বাস দেন কারিনা গোল্ড। তিনি জানান, কানাডা এখন পর্যন্ত কোভ্যাক্সে ৫৪ কোটি ৫০ লাখ ডলার এবং ৩০ লাখ ডোজ উদ্বৃত্ত ডোজ সরবরাহ করেছে। কারিনা গোল্ড জানান, এলডিসি-৫ সম্মেলনের প্রস্তুতি প্রক্রিয়ায় উভয় দেশ সহ-সভাপতি হওয়ায় একসঙ্গে কাজ করার একটি ভালো সুযোগ তৈরি হয়েছে।

সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য

সাড়ে ৪ কোটি ডলার দেবে কানাডা

বাংলাদেশের সবচেয়ে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী, বিশেষত প্রত্যন্ত এলাকাবাসীর সেবা বাড়াতে আগামী পাঁচ বছরে ৪ কোটি ৫০ লাখ কানাডীয় ডলার দেবে কানাডার সরকার। গতকাল বৃহস্পতিবার কানাডার আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী কারিনা গোল্ড এ ঘোষণা দিয়েছেন।