পূর্বঘোষণা অনুযায়ী আগামী নভেম্বরে এসএসসি এবং ডিসেম্বরের মাঝামাঝি এইচএসসি পরীক্ষা নেওয়ার সব ধরনের প্রস্তুতি সরকারের রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, ‘এ জন্য সংক্ষিপ্ত সিলেবাসের ওপর অ্যাসাইনমেন্ট কার্যক্রম চলছে। আশা করি, করোনা পরিস্থিতির উন্নতি হলে উল্লেখিত সময়ে পরীক্ষা দুটি নিতে পারব।’ গতকাল বৃহস্পতিবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে মহিলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনাসভা ও হুইল চেয়ার বিতরণ শেষে সংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, ‘করোনা পরিস্থিতি অনুকূলে আসলে নভেম্বরে এসএসসি, ডিসেম্বরের মাঝামাঝি এইচএসসি পরীক্ষা নেওয়া হবে। তবে পরিস্থিতি যদি অনুকূলে না আসে, তাহলে গত বছরের মতো সাবজেক্ট ম্যাপিং করে ফলাফল দেওয়া হবে। তবে আমরা এখনো পরীক্ষা নিয়েই ফল দিতে চাই।’ তিনি বলেন, শিক্ষার্থীদের যাতে প্রস্তুতিতে কোনো ঘাটতি না হয়, সংক্ষিপ্ত সিলেবাস ঐভাবেই ডিজাইন করা হয়েছে। আশা করি, শিক্ষার্থীদের প্রস্তুতিতে কোনো সমস্যা হবে না। একই সঙ্গে শিক্ষার্থীদের টিকা কার্যক্রম চলছে। এ কার্যক্রম আরও জোরদার করা হবে।