গাইবান্ধা সদর উপজেলায় একই রশিতে ঝুলন্ত অবস্থায় দুই বন্ধু মৃণাল দাশ (২৪) ও সুমন চন্দ্র দাসের (২৩) লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের পশ্চিম পেয়ারাপুর মাঝিপাড়া গ্রামের ঘাটালের ভিটা থেকে পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
নিহত মৃণাল দাশ পার্শ্ববর্তী বাদিয়াখালী ইউনিয়নের চুনিয়াকান্দি গ্রামের রামচন্দ্র দাশের ছেলে এবং নিহত সুমন দাশ একই ইউনিয়নের পাঠানডাঙ্গা মাঝিপাড়া গ্রামের মিঠা সাধু চন্দ্র দাশের ছেলে। তারা দুই বন্ধু এলাকায় মাছের ব্যবসা করতেন।
গাইবান্ধা সদর থানার ওসি (তদন্ত) আব্দুর রউফ জানান, দুই বন্ধু মৃণাল ও সুমন দুই দিন আগে ঢাকায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন ঐ এলাকায় একটি আমগাছের ডালে একই রশিতে দুজনের লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে তারা গাইবান্ধা সদর থানার পুলিশকে খবর দেয়। সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত লাশ দেখে রংপুরস্থ পুলিশের ক্রাইম টিমকে খবর দেয়। তারা এসে এই লাশ উদ্ধার করে।
নিহতের স্বজনদের অভিযোগ, কে বা কারা তাদের পরিকল্পিতভাবে হত্যা করে লাশ গাছের ডালে ঝুলিয়ে দিয়েছে। তারা এই হত্যাকাণ্ডের বিচার চান।
গাইবান্ধা সদর থানার ওসি মাসুদুর রহমান বলেন, হত্যার কারণ উদ্ঘাটনে পুলিশের ক্রাইম টিম তদন্ত শুরু করেছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। তিনি আরো বলেন, মৃতদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে ঘটনাস্থল থেকে একটি ব্যাগ, তিন ব্যক্তির ছবি, ছুরি, কাচি, দুটি মাস্ক ও রুমাল উদ্ধার করা হয়েছে।