৭ জুলাই রাত ২টায় রাজু নামের এক ব্যক্তি ওয়াজেদিয়া অক্সিজেনের মোড় থেকে ফোন করে জানালেন তার কোভিড-১৯ আক্রান্ত ১৫/১৬ বয়সি দুই ছেলের প্রচণ্ড শ্বাসকষ্ট। কোথাও অক্সিজেন পাচ্ছেন না। স্বেচ্ছাসেবক হাসিবুল হাসান ইমন ও আরাফাত হোসেন বাপ্পা ছুটে যান অক্সিজেনের বোতল নিয়ে। গত ২৮ জুলাই নাসিরাবাদ হাউজিং সোসাইটি পার্ক বিসতা টাওয়ার থেকে রাত আড়াইটায় এক ব্যক্তি জানালেন, তার করোনা আক্রান্ত মা (৬০) প্রচণ্ড শ্বাসকষ্টে ভুগছেন, কোথাও অক্সিজেন পাচ্ছেন না। প্রচণ্ড বৃষ্টির মধ্যে তার জন্য অক্সিজেন নিয়ে যান এক স্বেচ্ছাসেবক। পতেঙ্গা, পাথরঘাটা, শহীদনগর, বায়েজিদ, কালামিয়া বাজার পুরাতন চান্দগাঁওসহ নগরীর বিভিন্ন স্থানে এভাবেই প্রতিদিন বিনামূল্যে অক্সিজেন সেবা দিয়ে যাচ্ছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
এখন পর্যন্ত শতাধিক করোনা রোগীর জন্য অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করেছে তারা। আর এই অক্সিজেনের ব্যবস্থা করছেন নগরীর শুলকবহর ‘বন্ধন ক্লাবের’ সাধারণ সম্পাদক সৈয়দ ইসমাইল হোসেন। তিনি পেশায় ব্যাংকার। তার সঙ্গে যোগ দিয়েছেন আবু ইউসুফ, ফরিদুল আলম, এরশাদ সোহেল, আরিফ সুমন, রিয়াদ বিন মাহবুব, ফারুক আজম রাসেল নামের কিছু তরুণ। এদের সমন্বয়ের কাজ করছেন মো. আরিফ সুমন নামের এক মানবাধিকার কর্মী। অক্সিজেনের জন্য হটলাইন নম্বর- ০১৮৬২৩২৮০৫৪, ০১৮৩৮৬৬৭৯১১।