কমলো চালের আমদানি শুল্ক

বাজারে মূল্য স্থিতিশীল রাখতে চালের আমদানি শুল্ক ৬২ দশমিক ৫ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করেছে সরকার। এই সুবিধা আগামী আগামী ৩০ অক্টোবর পর্যন্ত বহাল থাকবে। 

বৃহস্পতিবার (১২ আগস্ট) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর আগে, গত বছর দাম বাড়তে থাকায় তা নিয়ন্ত্রণে ও  আমদানি উৎসাহিত করতে চালের আমদানি শুল্ক ২৫ শতাংশে নামানো হয়, যার মেয়াদ গত এপ্রিলে শেষ হয়। এরপর আর মেয়াদ বাড়ানো হয়নি। ফলে মে মাস থেকে যথারীতি ৬২ দশমিক ৫ শতাংশ শুল্ককর পরিশোধ করে চাল আমদানি করতে হতো। 

চাল আমদানি শুল্ককর কমানোর অনুরোধ জানিয়ে গত ৬ জুলাই এনবিআরকে চিঠি দেয় খাদ্য মন্ত্রণালয়। এর প্রেক্ষিতে আজ প্রজ্ঞাপন জারি করলো এনবিআর। প্রজ্ঞাপনে বলা হয়েছে, চাল আমদানিতে ১৫ শতাংশ কাস্টমস ডিউটি ছাড়াও ৫ শতাংশ অ্যাডভান্স ট্যাক্স (এটি) ও ৫ শতাংশ অ্যাডভান্স ইনকাম ট্যাক্স (এআইটি)  পরিশোধ করতে হবে। এই সুবিধা কেবলমাত্র বয়েল্ড ও নন বয়েল্ড আতপ চালের ক্ষেত্রে দেওয়া হয়েছে। এর বাইরে বাসমতি বা অন্য কোনো ধরনের চাল  আমদানিতে এই সুবিধা পাওয়া যাবে না। 

ইত্তেফাক/জেডএইচডি