‘এক দেশ, এক রেট’

 ‘এক দেশ, এক রেট’ ইন্টারনেট সেবামূল্য বাস্তবায়নের বাধা অবশেষে দূর হলো। গত ৬ জুন ‘এক দেশ, এক রেট’ ইন্টারনেট সেবামূল্য ঘোষণার পর তা বাস্তবায়নে সমস্যা হচ্ছিল। এবার সেটা দূর করে নতুন দাম আগামী ১ সেপ্টেম্বর থেকে বাস্তবায়ন করা হবে। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশন (বিটিআরসি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইন্টারনেটের নতুন সেবামূল্য ঘোষণা করেন টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

মন্ত্রী জানান, যে সেবামূল্য বেঁধে দেওয়া হলো, তা ব্রডব্যান্ড ইন্টারনেটের জন্য। মন্ত্রী বলেন, এ মূল্য নির্ধারণের ফলে ডিজিটাল বাংলাদেশের আরো এক ধাপ অগ্রগতি হলো। আজকের (বৃহস্পতিবার) এ ঘোষণার ফলে সারাদেশে ‘এক দেশ, এক রেট’ ইন্টারনেট বাস্তবায়ন আরো সহজ হলো। তিনি জানান, মোবাইল অপারেটরের বিরুদ্ধে কল ড্রপ, নেটওয়ার্ক সমস্যা নিয়ে শত শত অভিযোগ রয়েছে। সাধারণ মানুষের সঙ্গে তার সম্পৃক্ততা বেশি বলে সরাসরি অভিযোগ করেন অনেকে।

এছাড়া আগেই আইএসপির দাম তিনটি স্ল্যাবে (৫ এমবিপিএস ৫০০ টাকা, ১০ এমবিপিএস ৮০০ এবং ২০ এমবিপিএস ১ হাজার ২০০ টাকা) বেঁধে দেওয়া হয়। এর আগেও এ তিনটি প্রতিষ্ঠানের সেবামূল্য ছিল, কিন্তু তা কখনই সরকারিভাবে বেঁধে দেওয়া হয়নি। প্রতিষ্ঠানগুলো নিজেরা একটা দাম ঠিক করে তা গ্রাহকের সামনে উপস্থাপন করত। আইআইজি ফোরামের মহাসচিব আহমেদ জুনায়েদ বলেন, ট্যারিফ ঠিক করে দেওয়ার ফলে সারা দেশে এখন এক দামে ব্যান্ডউইথ বিক্রি হবে। ঢাকার বাইরে একেক আইএসপি একেক দামে ব্যান্ডউইথ ক্রয় করত। এখন থেকে এক রেটে কিনবে। ফলে তা গ্রাহকের দিকেই যাবে।