করোনা পরিস্থিতি

ভারতের পাঁচ রাজ্যের দলগুলোর মতামত চাইছে নির্বাচন কমিশন

চলমান করোনা পরিস্থিতিতে কীভাবে সব স্বাস্থ্যবিধি মেনে নির্বাচন, উপনির্বাচন করা যায়, তা নিয়ে পাঁচটি রাজ্যের স্বীকৃত রাজনৈতিক দলগুলোর মতামত জানতে চেয়েছে নির্বাচন কমিশন। ৩০ অগস্টের মধ্যে তাদের মতামত জানাতে হবে। আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, পশ্চিমবঙ্গে সাতটি বিধানসভা আসনে নির্বাচন ও উপনির্বাচন রয়েছে। মনে করা হচ্ছে, সেই পরিপ্রেক্ষিতেই কমিশন পরিস্থিতি জানতে চেয়েছে। দলগুলোর মতামত নেওয়ার পরেই নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

এ নিয়ে বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, কমিশন চিঠি দিয়ে রাজনৈতিক দলগুলোর কাছে মতামত জানতে চেয়েছে। আমরা সঠিক সময়ে এ বিষয়ে কমিশনকে মতামত জানিয়ে দেব।

রাজনৈতিক মহলের মতে, কমিশনের এ চিঠি দেওয়ার কারণ আসন্ন নির্বাচন এবং উপনির্বাচনগুলো। দেশের পাঁচ রাজ্যে একাধিক আসনের উপনির্বাচন বাকি রয়েছে। করোনা পরিস্থিতিতে কীভাবে নির্বাচন করা যায়, তাই নিয়েই এ চিঠি দেওয়া হয়েছে। পাশাপাশি, করোনা আবহে সব স্বাস্থ্যবিধি মেনে কীভাবে প্রচার-পরিকল্পনা করা যায় তা নিয়েও মতামত জানতে চেয়েছে কমিশন।

প্রসঙ্গত, গত মে মাসে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিপুল ব্যবধানে জয়ী হলেও নন্দীগ্রাম আসনে হেরে যান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নিয়ম অনুযায়ী ছয় মাসের মধ্যে তাকে উপনির্বাচনে জিততে হবে। গত ৫ মে তিনি মুখ্যমন্ত্রীর শপথ নিয়েছিলেন। সেই হিসেবে ৫ নভেম্বর ছয় মাস পূর্ণ হবে। অর্থাত্ এ সময়ের মধ্যে উপনির্বাচন না হলে সাংবিধানিক সংকট তৈরি হতে পারে। সেক্ষেত্রে তাকে পদত্যাগ করে সরকার ভেঙে দিয়ে এক দিন পর ফের শপথ নিতে হবে। তৃণমূল কংগ্রেস তাই দ্রুত উপনির্বাচন করার জন্য মরিয়া।