করোনাভাইরাস ভ্যাকসিনের বুস্টার বা তৃতীয় ডোজের অনুমোদন দিচ্ছে যুক্তরাষ্ট্র। ৪৮ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) এ ঘোষণা দিতে পারে। তবে যাদের শারীরিক জটিলতা ও রোগ প্রতিরোধক্ষমতা দুর্বল, তারাই এই ডোজ পাবে। যদিও গরিব দেশগুলোকে টিকা দেওয়ার জন্য ধনী দেশগুলোকে বুস্টার ডোজ না দেওয়ার আহ্বান জানিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। খবর এনবিসি নিউজ ও সিএনএনের।
মডার্না ও ফাইজারের টিকার ক্ষেত্রে তৃতীয় ডোজ দেওয়া হবে। এ প্রসঙ্গে এফডিএর এক মুখপাত্র বলেন, দুর্বলদের তৃতীয় ডোজ দেওয়ার ব্যাপারে গভীরভাবে পর্যবেক্ষণ চলছে। এফডিএ ও সিডিসি (রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধকেন্দ্র) খুব শিগগির এসব তথ্য প্রকাশ করবে। সিডিসির তথ্যসূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রের ৯০ লাখ মার্কিনির করোনা প্রতিরোধব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে। এটা তাদের বিভিন্ন জটিল রোগ ও ওষুধ নেওয়ার কারণে হয়েছে।
এছাড়া যুক্তরাষ্ট্রের এক-তৃতীয়াংশ লোক এখনো প্রথম ডোজেরই টিকা নেয়নি। এ অবস্থায় আগামী মাসে বুস্টার ডোজ শুরু করা যায় কি না, তা বিবেচনা করছে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। তবে তৃতীয় ডোজের জন্য অনুমোদন একমাত্র দিতে পারে এফডিএ। কিন্তু কিছু রাজ্যে এফডিএর অনুমোদন ছাড়াই তৃতীয় ডোজ দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
ইত্তেফাক/জেডএইচডি