ডিএমপিতে সহকারী পুলিশ কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি

ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) সদ্য যোগদানকৃত সহকারী পুলিশ কমিশনারদের ডিএমপির বিভিন্ন বিভাগের কার্যক্রম সম্পর্কে  সম্যক ধারণা প্রদানের লক্ষ্যে পাঁচ দিনব্যাপী এক ওরিয়েন্টেশন কর্মসূচির আয়োজন করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহা. শফিকুল ইসলামের নির্দেশে ও প্রত্যক্ষ তত্ত্বাবধানে নবীন কর্মকর্তাদের জন্য এ কর্মসূচির আয়োজন। এ কর্মসূচির আওতায় ডিএমপির ১২টি বিভাগ পরিদর্শনের অংশ হিসেবে মিডিয়া অ্যান্ড পিআর বিভাগের  বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ধারণা প্রদানের জন্য এক ওরিয়েন্টেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ১২ আগস্ট বিকাল ৪টায় মিডিয়া সেন্টারের হলরুমে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে ৩৭তম বিসিএস (পুলিশ)-এর আট জন সহকারী পুলিশ কমিশনার অংশগ্রহণ করেন।

সহকারী পুলিশ কমিশনারদের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের পাঁচটি শাখার বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বিস্তারিতভাবে ব্রিফিং করেন মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার আবু তালেব। চাকরি জীবনের শেষ দিনটিও যেন এদেশের মানুষের কল্যাণে ব্যয়িত হয়, সেই শুভকামনা জানিয়ে তিনি গণমাধ্যম ও পুলিশের সম্পর্ক নিয়ে নতুন কর্মকর্তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। এ সময় মিডিয়ার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ইফতেখায়রুল ইসলাম উপস্থিত থেকে এ কোর্সে অংশগ্রহণকৃত সহকারী পুলিশ কমিশনারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।