বিনোদন রিপোর্ট
বিশেষ দিবসগুলোতে বরাবরই ভিন্ন আয়োজনে নিজেদের অনুষ্ঠানমালা সাজায় দেশের টিভি চ্যানেলগুলো। এবারো তার ব্যতিক্রম হচ্ছে না। সেই ধারাবাহিকতায় বৈশাখী টেলিভিশনও শোক দিবসে আয়োজন করেছে গান, সিনেমা, আলোচনাহ নানা অনুষ্ঠান। এর মধ্যে রয়েছে গানের অনুষ্ঠান দেশের গান জন্মভূমি, বৈশাখীর সকালের গান, মিউজিক অ্যালবাম, শুধু সিনেমার গান এবং আলোর মিছিল, হাঙ্গর নদী গ্রেনেড ও দেশ প্রেমিক ছবিগুলো।
আগামীকাল সকাল ৭টা ৪৫ মিনিটে মামুন আব্দুল্লাহ’র প্রযোজনায় প্রচার হবে দেশের গান ‘জন্মভূমি’। বঙ্গবন্ধুকে নিয়ে গান গাইবেন সুমি শবনম ও শিল্পী বিশ্বাস। সকাল ৮টা ২০ মিনিটে ‘বৈশাখীর সকালের গান’ অনুষ্ঠানে গান গাইবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী রাজীব। লিটু সোলায়মানের প্রযোজনায় অনুষ্ঠানটিতে তিনি গাইবেন দেশাত্মবোধক ছাড়াও বঙ্গবন্ধুকে নিবেদিত কয়েকটি গান।
আলমগীর রাসেলের প্রযোজনায় সকাল ৯টা ১০ মিনিটে প্রচার হবে মুক্তিযুদ্ধ চেতনায় নির্মিত পুরনো দিনের সিনেমার গান নিয়ে অনুষ্ঠান মিউজিক অ্যালবাম। এতে প্রচার হবে শোক গাঁথা যত গান। শাহ আলমের প্রযোজনায় দুপুর ১টা ২০ মিনিটে প্রচার হবে শুধু সিনেমার গান। তানহা তাসনিয়ার উপস্থাপনায় এ বিশেষ পর্বটি সাজানো হয়েছে নতুন ও পুরনো মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রের মা মাটি ও মানুষের গান দিয়ে। এছাড়া ‘জাগ্রত অহংকার’ প্রচার হবে সকাল ৯টা ৩০ মিনিটে। ১৫ আগস্ট বঙ্গবন্ু সপরিবারে নিহত হওয়ার ঘটনা নিয়ে জ্ঞানগর্ভ এ আলোচনা অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন লে. কর্নেল (অব) সাজ্জাদ আলী জহির বীর প্রতীক। আলোচনায় অংশ নেবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. হারুন-অর- রশীদ ও সাবেক সচিব এবং বঙ্গবন্ধু জাদুঘরের কিউরেটর নজরুল ইসলাম খান। সন্ধ্যা ৬টায় প্রচার হবে ‘আমাদের বঙ্গবন্ধু’। আবৃত্তিশিল্পী শিমুল মুস্তাফার উপস্থাপনায় ব্যতিক্রমী এ আয়োজনে রয়েছে বঙ্গবন্ধুর ওপর তথ্যবহুল আলোচনা। আলোচনায় অংশ নিয়েছেন কবি নির্মলেন্দু গুণ ও কবি কাইয়ুম নিজামী। সপরিবারে বঙ্গবন্ধু হত্যা এবং তার ওপর রচিত সব সাহিত্য নিয়ে অনুষ্ঠানটি সাজানো হয়েছে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন আলমগীর রাসেল।
এছাড়া শোক দিবসে প্রচার হবে দেশ চেতনার ওপর নির্মিত ৩টি সিনেমা। সকাল ১০টা ২৫ মিনিটে প্রচার হবে রাজ্জাক, ববিতা, সুজাতা অভিনীত ‘আলোর মিছিল’। দুপুর ২টা ৪৫ মিনিটে প্রচার হবে সোহেল রানা, সুচরিতা, দোদুল, অরুণা বিশ্বাস অভিনীত ‘হাঙ্গর নদী গ্রেনেড’ এবং রাত ১২টায় প্রচার হবে মান্না, চম্পা, আলমগীর অভিনীত ‘দেশ প্রেমিক’।