তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা
তাড়াশে গরু দিয়ে হাল চাষের পদ্ধতি উঠে গেছে অনেক আগেই। কালের বিবর্তনে এখন হারানোর পথে গরুর মই দিয়ে জমি সমান করার পদ্ধতিও। তালম ইউনিয়নের গুল্টা গ্রামের কৃষক আব্দুল কাদের বলেন, বর্তমানে ট্রাক্টর বা পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করা হয়। কিন্তু সেসব যন্ত্র দিয়ে মই টেনে জমির কাদা ঠিকমতো সমান হয় না। কাদা সমান করার জন্য গরুর মইয়ের খুব প্রয়োজন। এ প্রসঙ্গে উপজেলা কৃষি কর্মকর্তা লুত্ফুন নাহার লুনা বলেন, গরুর নাঙল তুলনামূলক গভীর থেকে মাটি তুলে উলটে দিতে পারে। এতে জমির উর্বরা শক্তি বৃদ্ধি পায়। বর্তমানে বিভিন্ন যন্ত্রের সাহায্যে চাষাবাদ করা হলেও গরুর হাল ও মইয়ের যথেষ্ট গুরুত্ব রয়েছে।