এনামুল হক, খুলনা অফিস
স্বাস্থ্যবিধি অনুসরণ করে আগামী ১৯ আগস্ট থেকে দেশের পর্যটনকেন্দ্রগুলো খুললেও আগামী ১ সেপ্টেম্বরের আগে খুলছে না সুন্দরবনের পর্যটনকেন্দ্র। আগামী ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনে সব ধরনের সাদা মাছ ও কাঁকড়া শিকার বন্ধ রাখার ঘোষণা রয়েছে আগে থেকেই। এ নিষেধাজ্ঞার আওতায় সুন্দরবনের পর্যটনকেন্দ্রগুলোও রয়েছে। ফলে সুন্দরবনের পর্যটনকেন্দ্রগুলোতে প্রবেশ করতে পর্যটকদের আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত এলে পর্যটনকেন্দ্র খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন, বন বিভাগের কর্মকর্তারা।
খোঁজ নিয়ে জানা গেছে, করোনার সংক্রমণ রোধে গত বছরের ১৯ মার্চ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত প্রায় সাত মাস সুন্দরবনে পর্যটক প্রবেশ বন্ধ ছিল। তবে করোনার সংক্রমণ কমে গেলে সুন্দরবনের পর্যটন কেন্দ্রগুলো খুলে দেওয়া হয়। পরে করোনা ভাইরাসের ঝুঁকি এড়াতে গত ৩ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত সুন্দরবনে পর্যটক প্রবেশে ফের নিষেধাজ্ঞা জারি করে বনবিভাগ। এরপর সংক্রমণের দ্বিতীয় ঢেউ শুরু হলে সুন্দরবনে প্রবেশের নিষেধাজ্ঞার সময় বাড়ানো হয়। সেই থেকে এখনো বন্ধ রয়েছে সুন্দরবনের পর্যটন কেন্দ্রগুলো। ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবনের সাধারণ সম্পাদক নাজমুল আযম ডেভিড বলেন, করোনার প্রাদুর্ভাবের কারণে গত বছরের ১৯ মার্চ থেকে সুন্দরবনের পর্যটনকেন্দ্র বন্ধ রয়েছে। তবে মাঝে কিছুদিন খোলা ছিল। পরে এপ্রিল থেকে ফের বন্ধ রয়েছে। তিনি বলেন, স্বাস্থ্যবিধি মেনে আগামী ১৯ আগস্ট থেকে দেশের সকল পর্যটন কেন্দ্র খুলে দেওয়া হচ্ছে। কিন্তু সুন্দরবন খুলবে কি-না, সে বিষয়ে কিছুই জানানো হয়নি। তবে এ বিষয়ে আগামী ১৬ আগস্ট ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবনের পক্ষ থেকে সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তার (ডিএফও) সঙ্গে আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে। তার সঙ্গে আলোচনার পর পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, সাধারণত জুলাই-আগস্ট মাছের প্রজনন মৌসুম। তবে এবার জুন মাস থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনে মাছ শিকার ও প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। আগামী ১ সেপ্টেম্বর থেকে মাছ শিকারের জন্য পাশ পারমিট দেওয়া হবে। তবে পর্যটনকেন্দ্র খোলার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।
সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেন বলেন, দেশের সকল পর্যটনকেন্দ্র খুললেও সুন্দরবনের পর্যটন কেন্দ্রগুলো ১৯ আগস্ট খুলছে না। আগামী ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনে সকল প্রকার মাছ ও কাঁকড়া শিকার বন্ধ রাখার ঘোষণা রয়েছে। এ নিষেধাজ্ঞার আওতায় সুন্দরবনের পর্যটনকেন্দ্রও রয়েছে। ফলে আগামী ১ সেপ্টেম্বরের আগে সুন্দরবনের পর্যটনকেন্দ্র খোলার সম্ভাবনা নেই।
খুলনা আঞ্চলিক বন সংরক্ষক (সিএফ) মিহির কুমার বলেন, মন্ত্রণালয় থেকে সুন্দরবন খোলার ব্যাপারে এখনো কোনো নির্দেশনা পাইনি। ফলে ১৯ আগস্ট সুন্দরবনের পর্যটনকেন্দ্র খোলার সম্ভাবনা নেই। তবে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত এলে সুন্দরবনের পর্যটনকেন্দ্রগুলো খুলে দেওয়া হবে। এজন্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তের অপেক্ষায় আছি।