স্পোর্টস ডেস্ক
প্রিমিয়ার লিগের ব্যর্থতা ভুলে সিরি’আতে সুখ খুঁজে পেয়েছিলেন রোমেলু লুকাকু। নয় বছর পর ইন্টার মিলানকে লিগ শিরোপা জেতাতে বড় ভূমিকা পালন করেন তিনি। কিন্তু দুই বছর পর আবারও প্রিমিয়ার লিগে ফিরে এলেন এই বেলজিয়ান স্ট্রাইকার। ৯৭.৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ইন্টার থেকে তাকে দ্বিতীয় মেয়াদে সাইন করেছে চেলসি।
স্ট্যামফোর্ড ব্রিজে প্রথম মেয়াদে তিন বছর ছিলেন লুকাকু। এরপর দুই বছরই লোনে খেলেছিলেন ওয়েস্ট ব্রম ও এভারটনে। এরপর পাকাপাকি ভাবে এভারটনে চলে যান তিনি। সেখান থেকে ম্যানচেস্টার ইউনাইটেড, তারপর ইংল্যান্ড ছেড়ে পাড়ি জমালেন ইতালিতে। ইন্টার মিলানের হয়ে ৯৫ ম্যাচে ৬৪ গোল করেন তিনি।
সাত বছর পর নিজের ভালবাসার ক্লাবে ফিরে লুকাকু বলেন, ‘অল্প বয়সে এখানে এসেছিলাম, আমি যার অনেক কিছু শেখার ছিল। এখন আমি অনেক অভিজ্ঞ ও বেশি পরিণত হয়ে ফিরে এসেছি। ছোটবেলায় আমি চেলসি সমর্থন করেছি আর এখন ফিরলাম দলকে ট্রফি জেতায় সাহায্য করতে, অসাধারণ লাগছে।’
ক্লাব ফুটবল ইতিহাসে লুকাকুর থেকে বেশি অর্থ খরচ করা হয়নি আর কোনো ফুটবলারের পেছনে। তাকে নিতে ক্লাবগুলোর সম্মিলিত ব্যয় মোট ২৯০ মিলিয়ন পাউন্ড। এ ছাড়া টাকার অঙ্কে ব্রিটিশ ফুটবল ইতিহাসে সেরা পাঁচটি ট্রান্সফারের দুটিই হয়েছে লুকাকুকে নিয়ে।