চট্টগ্রামে এইচপির ক্যাম্প

স্পোর্টস রিপোর্টার

কয়েক দিন আগেই বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছিলেন, করোনার বিরতি শেষে ধীরে ধীরে সচল হতে যাচ্ছে দেশের ঘরোয়া ক্রিকেট। চলতি মাসেই শুরু হবে কয়েকটি কার্যক্রম। সবকিছু ঠিক থাকলে আগামী ১৬ আগস্ট শুরু হবে বিসিবির হাই পারফরম্যান্স ইউনিটের (এইচপি) ক্যাম্প। পুরো ক্যাম্পই অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

বিসিবির গেম ডেভলপমেন্ট বিভাগ থেকে গতকাল জানা গেছে, চট্টগ্রামে এইচপির ক্যাম্প চলবে দুই সপ্তাহ। ফিটনেসের কার্যক্রমের পর স্কিল ট্রেনিং করবেন ক্রিকেটাররা। পরে জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের নিয়ে গঠিত বাংলাদেশ ‘এ’ দলের বিরুদ্ধে ওয়ানডে ও লংগার ভার্সনের কিছু ম্যাচ খেলবে এইচপি দল।

খুব শিগগিরই এইচপি স্কোয়াড ঘোষণা করবেন নির্বাচকরা। এবার স্কোয়াডে সুযোগ পেতে পারেন ২২ ক্রিকেটার। ঘরোয়া ক্রিকেটে নজর কাড়া সম্ভাবনাময় তরুণ ক্রিকেটাররাই সুযোগ পাবেন।

ক্যাম্পের শুরুতে থাকবেন না এইচপির হেড কোচ টবি র্যাডফোর্ড। আগামী ২০ আগস্ট বাংলাদেশে আসার কথা রয়েছে ইংলিশ এ কোচের। শুরু থেকে ক্যাম্পের দেখভাল করবেন বিসিবির পেস বোলিং কোচ চম্পকা রমানায়েকে। ইতোমধ্যে শ্রীলঙ্কা থেকে ঢাকায় এসেছেন তিনি। ক্যাম্প উপলক্ষ্যে এইচপি স্কোয়াডের ক্রিকেটার, কোচ, কর্মকর্তাদের আজ প্রথম বার করোনা পরীক্ষা হবে। পরে ১৬ আগস্ট দ্বিতীয় বার করোনা পরীক্ষা করা হবে সবার।

এইচপির বিরুদ্ধে সিরিজে ‘এ’ দলের হয়ে খেলতে পারেন মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, সাদমান ইসলামের মতো ক্রিকেটাররা। ইতোমধ্যে তারাও নিজেদের প্রস্তুতি শুরু করে দিয়েছেন ব্যক্তিগতভাবে।