জামিন মেলেনি, পরীমনি কাশিমপুর কারাগারে

পুলিশের রিমান্ড শেষে চিত্র নায়িকা পরীমনি, মডেল মৌ ও প্রযোজক নজরুল ইসলাম রাজকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। গতকাল ঢাকা মহানগর হাকিম আদালত এই নির্দেশ দেন। পরে পরীমনিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। এর আগে গতকাল শুক্রবার বেলা ১২টার দিকে দুই দিনের রিমান্ড শেষে চিত্রনায়িকা পরীমনি ও আশরাফুল ইসলাম দীপুকে ঢাকা মহানগর হাকিম ধীমান চন্দ্র মণ্ডলের আদালত হাজির করে মামলার তদন্ত সংস্থা সিআইডি। এরপর তাদের আদালতের হাজতখানায় রাখা হয়। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ  পরিদর্শক কাজী গোলাম মোস্তফা তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন।

পরীমনির পক্ষের আইনজীবী মজিবুর রহমান জামিনের আবেদন করে শুনানি করেন। অপরদিকে, রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু জামিন বাতিল চেয়ে শুনানি করেন। শুনানিতে আব্দুুল্লাহ আবু বলেন, নায়িকা তো আরো আছে, তাদের বাসায় তো মদ পাওয়া যায়নি। তাদের তো পুলিশ ধরেনি। তাকে কেন গ্রেফতার করা হয়েছে? তার বাসায় মদ ছিল, সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেফতার করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে যখন গ্রেফতার করতে যায় তখন তিনি আধা ঘণ্টা পর্যন্ত দরজা খোলেননি। এ সময় তার বাসায় থাকা মদের বোতল থেকে মদ ফেলে দিয়ে বোতল খালি করেন। বাসার যে খালি বোতল আছে সেগুলোতেও মদ ছিল। আব্দুল্লাহ আবু আরো বলেন, পরীমনিকে শিল্পী সমিতি থেকে সাসপেন্ড করা হয়েছে। আমি এত গভীরে যেতে চাই না। চিত্রনায়িকা ও সাধারণ মানুষ আইনের চোখে সকলেই সমান। তার বাসায় মদ পাওয়া গেছে। আমরা চাই তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হোক।

উভয় পক্ষের শুনানি শেষে বিকাল সোয়া ৩টার দিকে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এসময় পরীমনির পক্ষের আইনজীবী মজিবুর রহমান কারাগারে ডিভিশন প্রাপ্তির আবেদন করেন। আদালত আইনজীবীর আবেদন গ্রহণ করে কারাবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয় কারা কর্তৃপক্ষকে।

এর আগে ৫ আগস্ট পরীমনি ও দীপুকে পুলিশ চার দিনের রিমান্ডে নেয়। জিজ্ঞাসাবাদ শেষে ১০ আগস্ট তাদেরকে পুনরায় রিমান্ডে নেওয়ার আবেদন দেয় সিআইডি পুলিশ। এই দফায় আদালত তাদেরকে দুই দিনের রিমান্ড দেয়।

এদিকে, মোহাম্মদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় দুই দিনের রিমান্ড শেষে মডেল মরিয়ম আক্তার মৌকেও গতকাল ঢাকা মহানগর হাকিম আবু সাঈদের আদালতে হাজির করে সিআইডি পুলিশ। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। অন্যদিকে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আবু সাঈদ জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে মডেল মৌ তিন দফায় মোট ৯ দিনের রিমান্ডে ছিলেন।

অপরদিকে, বনানী থানায় দায়ের করা মাদক মামলায় প্রযোজক নজরুল ইসলাম রাজ ও সহযোগী সবুজ আলীকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। গতকাল শুক্রবার বিকাল সোয়া ৩টায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মণ্ডল এ আদেশ দেন। ৪ আগস্ট রাতে রাজ ও তার সহযোগী সবুজ মিয়াকে বনানীর বাসা থেকে মাদক ও সিসা সেবনের সরঞ্জামসহ গ্রেফতার করে র?্যাব। এছাড়া তাদের বাসা থেকে পর্নোগ্রাফি সম্পর্কিত সরঞ্জামও উদ্ধার করা হয়। এ ঘটনায় দায়ের করা দুই মামলার মধ্যে মাদক মামলায় তাদের দুই দফায় ছয় দিনের রিমান্ডে নেয় পুলিশ। পর্নোগ্রাফি মামলায় গত ১০ আগস্ট তাদেরকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়। এই রিমান্ড শেষ হওয়ার পর গতকাল তাদেরকে আদালতে হাজির করে সিআইডি পুলিশ।

কাশিমপুর কারাগারে পরীমনি

গাজীপুর প্রতিনিধি জানান, চলচ্চিত্র নায়িকা পরীমনিকে গাজীপুরে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকার আদালত থেকে একটি প্রিজন ভ্যানে করে কড়া নিরাপত্তায় তাকে ঐ কারাগারে আনা হয়। কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের (অতিরিক্ত দায়িত্ব) জেল সুপার আব্দুল জলিল বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে পরীমনিকে কাশিমপুর কারাগারে আনা হচ্ছে এমন খবরে গণমাধ্যমকর্মী ও উত্সুক জনতা কারা ফটকে জড়ো হন। অনেকে প্রিজন ভ্যানে থাকা পরীমনিকে দেখার চেষ্টা করেন। তবে তাকে কেউ দেখতে পারেনি। তাকে বহনকারী প্রিজন ভ্যানটি সন্ধ্যা ৭টার দিকে দ্রুত গতিতে পুলিশের কড়া প্রহরায় প্রধান কারা ফটক দিয়ে কারা কমপ্লেক্সের ভেতরে প্রবেশ করে।