ময়মনসিংহের মুক্তাগাছায় পাঁচ মাস বয়সি পুত্রসন্তানকে হত্যার অভিযোগ উঠেছে তার পিতার বিরুদ্ধে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার দাওগাঁও ইউনিয়নের চন্দনিআটা গ্রামে শরিফ নামের ঐ শিশুকে গলায় ছুরিকাঘাত করে এ হত্যাকাণ্ড ঘটায় তার পিতা মো. শাহজাহান (৩০)। এসময় শাহজাহান নিজেও ছুরিকাঘাতে আত্মহত্যার চেষ্টা চালায় এবং তার স্ত্রী জেসমিন আক্তারকেও কুপিয়ে জখম করে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
গতকাল শুক্রবার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ । পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, হতদরিদ্র শাহজাহান উত্তেজিত হয়ে তার শিশু সন্তানের গলায় ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মুক্তাগাছা থানার ওসি মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে রাতেই লাশ থানায় আনা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনায় মামলা প্রক্রিয়াধীন।