ঢাকা থেকে ছেড়ে আসা বরগুনাগামী রাজাপুরের অভিযান-১০ নামের লঞ্চটি রাজাপুরের বিষখালী নদীর চরে আটকে যায়। এঘটনায় লঞ্চে থাকা ৪৩৪ জন যাত্রী চরম দুর্ভোগে পড়েন। বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে উপজেলার বড়ইয়া ইউনিয়ন চরপালট গুচ্ছগ্রাম সংলগ্ন নদীতে এ ঘটনা ঘটে। যাত্রীদের অভিযোগ, নিজ খরচেই তাদের গন্তব্যে যেতে হয়। লঞ্চ কর্তৃপক্ষের দাবি, যাত্রীদের লঞ্চ ভাড়ার টাকা ফেরত দিয়ে ট্রলারে করে প্রত্যেক যাত্রীকে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়া হয়েছে।
লঞ্চে থাকা যাত্রীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা অভিযান-১০ ও শাহরুখ-২ লঞ্চ পাশাপাশি চালিয়ে পাল্লা দিয়ে বরগুনা যাচ্ছিল। ঘটনাস্থলে এসে শাহরুখ-২ লঞ্চকে পাশ কাটিয়ে আগে যাওয়ার সময় অভিযান-১০ লঞ্চটি গ্রামের ডুবোচরে উঠিয়ে দেয়। অনেক চেষ্টা করেও লঞ্চটি নামানো যায়নি। লঞ্চ কর্তৃপক্ষ যাত্রীদের জন্য ব্যবস্থা করার কথা বলে সময়ক্ষেপণ করছিল। শুক্রবার সকাল হলে যাত্রীরা যে যার মতো করে নিজ খরচ ও দায়িত্বে তাদের গন্তব্যে চলে যায়।
অভিযান-১০ এর মাস্টার মো. মাসুদ আলম জানায়, জোয়ারের পানিতে নদী ও চর একই রকম ছিল। কিছু বুঝে ওঠার আগেই লঞ্চটি ডুবোচরে উঠে যায়। যাত্রীদের ভাড়ার টাকা ফেরত দিয়ে সকালে ট্রলার ভাড়া করে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়া হয়েছে।